২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে চালকবিহীন ট্রেন দুর্ঘটনায় আহত ১৪

জাপানের রাজধানী টোকিওর শহরতলীতে পাঁচ বগির একটি চালকবিহীন ট্রেন ভুল পথে চালিতে হয়ে দুর্ঘটনায় পড়েছে, এতে ট্রেনটির ১৪ যাত্রী আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 03:40 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি ভুল পথে গিয়ে একটি বাফার স্টপে আছড়ে পড়ে বলে রোববার জাপান পুলিশ জানিয়েছে।

গত ৩০ বছরের মধ্যে চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রেন দুর্ঘটনায় প্রথমবারের মতো কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হলেও জীবন সংশয়ী নয় বলে জানিয়েছে তারা।

মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে ট্রেন পরিচালনা কোম্পানির প্রেসিডেন্ট আকিহিকো ‍মিকামি জানিয়েছেন, ভুল পথে প্রায় ২০ মিটার (৬৫ ফুট) যাওয়ার পর ট্রেনটি বন্দর শহর ইয়োকোহামার শিন-সুগিতা স্টেশনের বাফার স্টপে আঘাত হানে।

দুর্ঘটনার পর পরিচালনা কোম্পানি ট্রেন লাইনটি বন্ধ করে দিয়েছে এবং ট্রেন চলাচল কখন আবার শুরু হবে তা অনিশ্চিত বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি রাস্তায় নামনো হয়েছে, সেই তুলনায় জাপানে চালকবিহীন ট্রেনের ইতিহাস অনেক দীর্ঘ।