২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সেনাবাহিনীকে নিয়ে কৌতুক করায় কারাদণ্ড

বর্ষ বরণের উৎসবে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যঙ্গাত্মক পরিবেশনার কারণে মিয়ানমারের সাত থিয়েটার কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 09:24 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

বিবিসি জানায়, মিয়ানমারের ঐতিহ্যবাহী ‘থাংইয়াট’ নাচে তারা অংশ নিয়েছিলেন।

কারাদণ্ড পাওয়া একজন সু ইয়াদানার মিন্ত। মঙ্গলবার মিয়ানমারের একটি আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেয়।

আদালত থেকে সুকে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, “আদালত আমাদের প্রার্থনা সম্পূর্ণরূপে অবজ্ঞা করেছে। এট খুবই অন্যায্য।”

সু থাংইয়াট নাচে অংশ নিয়েছিলেন।

অর্ধশতাব্দীর সামরিক শাসনের অবসান ঘটিয়ে ২০১৫ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অন সাং সু চির দল মিয়ানমারের ক্ষমতায় আসে।

দলটি অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও কার্যত মিয়ানমার সামরিক বাহিনীর পুতুল হয়ে কাজ করছে। যে কারণে দেশটিতে বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি।

সেখানে সেনাবাহিনী ও সরকারের দমন পীড়নের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার ও সাজার মুখে পড়তে হয়।

সুকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তার অসহায় মা কিন মিন্ত ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, “সে কি সত্যিই অপরাধী? সে ডাকাতি বা এ ধরনের কোনো অপরাধ করেনি। তারা কিভাবে তার সঙ্গে এই ব্যবহার করতে পারল?”

সড়কে থাংইয়াট পরিবেশনায় একদল তরুণ-তরুণী ঐতিহ্যবাহী পোশাক পরে ফোক গান ও বাজনার তালে তালে নাচে এবং কৌতুক অভিনয় করে।

গানের কথায় সরকার ও সেনাবাহিনীকে ব্যঙ্গ করা হয়। দর্শকদের আনন্দ দেওয়াই থাংইয়াট নাচের উদ্দেশ হলেও বেসামরিক সরকারের আড়ালে থেকে কলকাঠি নাড়া মিয়ানমারের সেনাবাহিনী তাদের সমালোচনাকে কৌতুক হিসেবে গ্রহণ করতে পারেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নাচ ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগে নাচে অংশ নেওয়া থিয়েটারকর্মীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়ার আগে বিবিসি'কে দেওয়া এক সাক্ষাৎকারে সু বলেন, “এ ধরনের পরিস্থিতি দেশের জন্য অত্যন্ত ভীতিকর। আমরা কোনো নৃশংসতায় অংশ নেইনি। আমরা ‍শুধু রাস্তায় মানুষের সামনে নাচ-গান ও অভিনয় করেছি।

“আসলে মানুষ মনে মনে কী ভাবছে আমরা শুধু সেটাই দেখিয়েছে। তারা মনের কথা বলার সাহস পায় না। কিন্তু আমাদের কথা বলার স্বাধীনতা আছে।”

তার বিরুদ্ধে সেনাবাহিনীকে অসম্মান করার অভিযোগ আনার পর তিনি অনুতপ্ত কিনা এমন প্রশ্নের জাবাবে সু বলেন, “না, একদমই না।”

বাকস্বাধীনতার পক্ষে আন্দোলনকারীরা চান মিয়ানমারে আইনের পরিবর্তন আসুক।

এক আন্দোলনকর্মী বলেন, “সেনাবাহিনীই এ মামলা করেছে। তারা আরো অনেক মামলা করেছে। আমরা জানি, বেসামরিক সরকারের পক্ষে সেনাবাহিনীকে আটকানো অত্যন্ত কঠিন।

“কিন্তু তারা তো চেষ্টাই করছে না। যে কারণে এখানে বাকস্বাধীনতা বলতে কিছু নেই।”