অনাস্থা ভোটে উৎখাত অস্ট্রিয়ার চ্যান্সেলর
অস্ট্রিয়ায় অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে অপসারিত হয়েছেন চ্যান্সেলর সেবাস্টিয়ান ক্রুজ। প্রেসিডেন্টকে এখন একজন নতুন চ্যান্সেলর নির্বাচন করতে হবে।
ক্রুজ ও তার সরকারকে ক্ষমতা থেকে সরাতে অস্ট্রিয়ার পার্লামেন্টে বিশেষ অধিবেশনে ভোট হয়েছে। বিরোধীদলীয় রাজনীতিবিদরা একটি দুর্নীতি কেলেঙ্কারি সামাল দেওয়া নিয়ে ক্রুজের ওপর আস্থা হারিয়েছিলেন।
বিবিসি জানায়, বিরোধী দল সোশ্যাল ডেমক্রেটস (এসপিও) ক্রুজ ও তার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছিল। আর ক্রুজের দল ক্ষমতাসীন অস্ট্রিয়ান পিপলস পার্টির এক সময়ের জোটের অংশীদার ডানপন্থি ফ্রিডম পার্টি (এফপিও) এ অনাস্থা প্রস্তাবে সমর্থন দিয়েছে।
এসপিও পার্লামেন্টে দুইটি অনাস্থা প্রস্তাব আনে। একটি ক্রুজের বিরুদ্ধে এবং অন্যটি তার সরকারের বিরুদ্ধে।
দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের ১৮৩ আসনের মধ্যে ক্রুজের দলের নিয়ন্ত্রণে মাত্র ৫২টি আসন; এফপিওর দখলে ৫১টি। অনাস্থা ভোট পাস হওয়ার জন্য শুধু সংখ্যাগরিষ্ঠতাই প্রয়োজন ছিল।
তাই এক সময়ের জোট অংশীদার এফপিও ক্রুজের বিপক্ষে অবস্থান নেওয়ায় অনাস্থা প্রস্তাব সহজেই পাস হয়। অস্ট্রিয়ার যুদ্ধ পরবর্তী ইতিহাসে এই প্রথম কোনো চ্যান্সেলর অনাস্থা ভোটে হেরে গেলেন। ৩২ বছরের ক্রুজ বিশ্বের সবচেয়ে তরুণ সরকার প্রধান ছিলেন।
গোপনে ধারণ করা একটি ভিডিও নিয়ে এফপিও’র নাম রাজনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে ক্ষমতাসীন দলের সঙ্গে তাদের বিরোধ শুরু হয় এবং তারা জোট ভেঙে বেরিয়ে যায়।
ক্রুজ ও তার সরকার অনাস্থা ভোটে হেরে যাওয়ায় এখন অস্ট্রিয়ার প্রেসিডেন্টকে একজন চ্যান্সেলর নির্ধারণ করার পাশাপাশি আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কাজ করবেন।
