২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাংহাইয়ে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ১১ জীবিতকে উদ্ধার

চীনের বৃহত্তম শহর শাংহাইয়ে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের ভিতর থেকে জীবিত ১১ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2019, 02:16 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

ভবনটির ধ্বংসস্তূপের ভিতরে প্রায় একই সংখ্যক লোক আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে দমকল বাহিনী জানিয়েছে, শাংহাইয়ের চ্যাংনিং এলাকার ওই ভবনটিতে সংস্কার কাজ চলার সময় বৃহস্পতিবার সকালে সেটি ধসে পড়ে, এতে প্রায় ২০ জন ধ্বংসস্তূপের ভিতরে আটকা পড়েন। 

ঘটনাস্থলে দেড়শ জনেরও বেশি দমকল কর্মী উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। এরপর দুপুরের পরে তারা ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

তবে কী কারণে ভবনটি ধসে পড়ল দমকল বাহিনী তা জানায়নি।