২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানামায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি, আহত ১,

পানামার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকায় কোস্টারিকা সীমান্তের কাছে শক্তিশালী একটি ভূমিকম্পে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2019, 11:38 AM

Updated : 08 Apr 2022, 04:11 PM

রোববারের এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো খবর হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষগুলো, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি প্লাজা দে কাইসান থেকে সাত কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রতিবেদনে বলা হয়েছে।

পরে তারা ভূমিকম্পের উপকেন্দ্রটি কোস্টা রিকার ক্যানোয়াস শহর থেকে কয়েক কিলোমিটার উত্তরে বলে জানিয়েছে। এলাকাটি পানামার সীমান্ত সংলগ্ন। 

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছে পানামার কর্তৃপক্ষগুলো।

পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভ্যারেলা টুইটারের মাধ্যমে জানিয়েছেন, ভূমিকম্পে কয়েকটি দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এ সময় পুয়ের্তো আরমুয়েলস বন্দর এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী আহত হয়েছেন। 

ভূমিকম্পটির উপকেন্দ্রের কাছেই পুয়ের্তো আরমুয়েলসের অবস্থান। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এখানে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে নিহতের কোনো খবর হয়নি।

ক্যানোয়াসের স্থানীয় জরুরি বিভাগগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর তাদের কাছে নেই। 

পানামার দমকল অ্যাসোসিয়েশন এক টুইটে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।