২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পুলিশ সদরদপ্তরে হামলা, নিহত ১৩

আফগানিস্তানের উত্তরাঞ্চলে পুলিশের একটি সদরদপ্তরে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ১৩ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 May 2019, 08:32 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

রোববার এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি হামবি সামরিক যান চালিয়ে পুল-ই-খুমরি শহরের ওই সদরদপ্তরটির সামনে বিস্ফোরণ ঘটিয়ে হামলার সূচনা করে, এরপর হামলাকারী বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীগুলোর লড়াই শুরু হয়; জানিয়েছে বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রবেশ পথের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর পর সশস্ত্র তালেবান যোদ্ধারা সদরদপ্তরের প্রাঙ্গণে ঢুকে পড়ে, এরপর নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি শুরু করে।

গোলাগুলিতে আট তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন। 

নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত অন্তত ৫০ জনের মধ্যে ২০ জন বেসামরিক বলে জানিয়েছে তারা। 

তালেবান হামলার দায় স্বীকার করেছে। এই জঙ্গি গোষ্ঠীটি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোর ওপর প্রায়ই হামলা চালায়।

২০০১ সালে সামরিক অভিযান চালিয়ে তালেবানকে আফগানিস্তানের ক্ষমতা থেকে হটিয়ে দেয় যুক্তরাষ্ট্র। তারপর থেকে এখনই আফগানিস্তানের সবচেয়ে বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।