২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ফণী: কলকাতা বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক

দুই দশকের মধ্যে ভারতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর কারণে প্রায় ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে আবারো স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2019, 02:55 PM

Updated : 08 Apr 2022, 04:08 PM

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৭ মিনিটে সর্ব প্রথম কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আগরতলার উদ্দেশে রওয়ানা হয়ে যায় বলে জানায় এনডিটিভি।

আর সকাল ১০টা ১০ মিনিটে প্রথম গো এয়ার’র জি৮ ১০১ ফ্লাইট দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে শুক্রবার সকালে ফণী ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করা শুরু করলে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ওই দিন বিকাল ৩টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে। বাতিল করা হয়েছিল দুই শতাধিক ফ্লাইট।

যদিও তার আগে বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। পরে পরিস্থিতি বিবেচনায় নতুন সময় ঘোষণা করা হয়।

ঘূর্ণিঝড় ফণী শুক্রবার সকাল ৮টার দিকে তীর্থ নগরী পুরীর ২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে গোপালপুর আর চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করতে শুরু করে।

ওই সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

ওড়িশা অতিক্রম করার পর সেটি  পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়। সেখানে ভারি বৃষ্টিপাতের পর অপেক্ষাকৃত দুর্বল হয়ে শনিবার সেটি প্রতিবেশি বাংলাদেশের দিকে অগ্রসর হয়।

ফণীর কারণে বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকেই ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে যেটির স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

পুরনো খবর:

ঘূর্ণিঝড় ফণী: ১৭ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর