২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ের পর মোজাম্বিকে ভারি বৃষ্টি, বন্যার আশঙ্কা

দুই দিন আগে উপকূলভাগে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার পর মোজাম্বিকের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাত হচ্ছে, এতে ওই অঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2019, 08:04 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় কেনেথ জলোচ্ছ্বাস ও ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছিল।

এতে ইবো দ্বীপের প্রায় সব ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং বন্দর শহর পেমবায় অন্তত তিন জন নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

ঘূর্ণিঝড়ের পর উত্তরাঞ্চলের ওই এলাকাগুলোর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর জন্য তাদের এখনও সংগ্রাম করতে হচ্ছে এবং এ কারণে উত্তরাঞ্চলীয় কাবো দেলগাদো প্রদেশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ণয় করা তাদের পক্ষে সম্ভব হয়নি। 

পেমবায় অবস্থানরত আন্তর্জাতিক ত্রাণ সংস্থা কেয়ারের পরিচালক দো মোহাম্মদ বলেছেন, “শঙ্কার কারণ হচ্ছে এখনও ভারি বৃষ্টিপাত হচ্ছে।”

জাতিসংঘের পূর্ব ও দক্ষিণ আফ্রিকা বিষয়ক ত্রাণ কর্মকর্তা সাভিয়ানো আব্রেউ জানিয়েছেন, পেমবার উত্তরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে যা উদ্বিগ্ন হওয়ার মতো।

শনিবার ওই অঞ্চলের অন্য আর কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ক্ষতিগ্রস্ত এলাকার দক্ষিণের শহর নামপুলা থেকে রেডক্রসের কর্মকর্তা ম্যাথু কার্টার বলেছেন, “আমরা এখনও ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টায় আছি।”

মার্চে এ অঞ্চল থেকে আরও দক্ষিণে ঘূর্ণিঝড় ইদাই উপকূল বরাবর আঘাত হেনেছিল । ওই ঘূর্ণিঝড়ের কারণে বিরাট এলাকা প্লাবিত হয় এবং মোজাম্বিক, মালাউয়ি ও জিম্বাবুয়ের এক হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়। মোজাম্বিক এখনও ওই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেনি।

এর মধ্যে নতুন এ সাইক্লোন দেশটির অর্থনীতিকে আরও বিপর্যস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোজাম্বিকের উত্তরাঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয় আসছে দিনগুলো তার দ্বিগুণ বৃষ্টিপাত হবে বলে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা আছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী।

সরকার ও ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, ৩০ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও প্রায় সাত লাখ লোক ঝুঁকির মধ্যে আছে।