২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী আরিয়েজাও মার্কিন নিষেধাজ্ঞায়

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী জর্জ আরিয়েজা ও কারাকাসের আপিল আদালতের বিচারক ক্যারল পাদিলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2019, 02:30 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

নিকোলাস মাদুরোর সরকারের দুর্নীতি রোধ এবং তার হয়ে দূতিয়ালি করা কর্মকর্তাদের শায়েস্তা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে, বলেছে ওয়াশিংটন।

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের লক্ষ্যে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র এ ধরনের একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে।

শুক্রবারের এ নিষেধাজ্ঞাকে ভেনেজুয়েলার সরকার ‘একতরফা ও অবৈধ’ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

“এ পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার কণ্ঠ রোধ করতে চায়,” বলেছে লাতিনের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর শীর্ষ উপদেষ্টা রবার্তো মারেরোকে আটকে রাখার প্রতিক্রিয়ায় এ ধরনের আরও পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত মাসে মারেরোকে আটক করে মাদুরো প্রশাসন। ওয়াশিংটন শুরু থেকেই এর ‘বদলা নেয়ার’ হুমকি দিয়ে আসছিল।

জানুয়ারিতে নিজেকে ভেনেজুয়েলার ‘বৈধ রাষ্ট্রপ্রধান’ ঘোষণা করা গুইদো যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশের সমর্থন পেয়ে আসছেন। ওয়াশিংটন ভেনেজুয়েলার অর্থনৈতিক দুরাবস্থার জন্য মাদুরো সরকার ও এর সমাজতান্ত্রিক ঘরানার কর্মসূচিকে দায়ীও করে আসছে।

অন্যদিকে রাশিয়া, চীন, ইরান ও কিউবার সমর্থনপুষ্ট মাদুরোর প্রতি তার দেশের সেনাবাহিনী ও সরকারি প্রতিষ্ঠানগুলোর আনুগত্য দেখা যাচ্ছে। 

“যদি নিকোলাস মাদুরো ও তার সঙ্গে সংশ্লিষ্টরা ধারাবাহিকভাবে ভেনেজুয়েলার বৈধ সরকার ও জনগণকে দমাতে কারাগার ও ভয়ভীতিকে ব্যবহার করে, তাহলে যুক্তরাষ্ট্র অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে,” মারেরোর মুক্তি চেয়ে দেয়া বিবৃতিতে বলেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গুইদোকে স্বীকৃতি দিলে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আরিয়েজার দৌড়ঝাঁপ বেড়ে যায়। গত চার মাসে তাকে প্রায় নিয়মিতই নিউ ইয়র্কে এসে বিভিন্ন দেশের সঙ্গে মাদুরোর হয়ে লবিং করতে দেখা গেছে, জানিয়েছে রয়টার্স।

২০১৩ সালে ক্যান্সারে মারা যাওয়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট উগো চাভেজের বড় মেয়ের স্বামী আরিয়েজা সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলার হয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে দীর্ঘক্ষণ ধরে কথাও বলেছেন।

নতুন মার্কিন নিষেধাজ্ঞা তার যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রভাব ফেলবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার আরিয়েজা বহুত্ববাদ বিষয়ক জাতিসংঘের এক বৈঠকে অংশ নেন। আগের দিন তিনি ভেনেজুয়েলার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন বলেও আন্তোনিও গুতেরেসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী একইদিন নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফের সঙ্গেও বৈঠক করেন।

আরিয়েজা সামাজিক যোগাযোমাধ্যমেও বেশ সক্রিয়, বলছে রয়টার্স। টুইটারে তাকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে কথার লড়াইয়ে জড়াতেও দেখা গেছে।