২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতের হয়ে গুপ্তচরবৃত্তি, তুরস্কে গ্রেপ্তার ২

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) হয়ে আরব নাগরিকদের ওপর গোয়েন্দাগিরির স্বীকারোক্তি দেওয়া ২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তুরস্ক। তাদের একজনের তুরস্কে আগমনের সঙ্গে সৌদি সাংবাদিক জামাল খাশুগজি খুনের যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2019, 09:38 PM

Updated : 08 Apr 2022, 04:05 PM

তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। তিনি বলেন, ওই দুই ব্যক্তির একজন ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশুগজি হত্যার কয়েকদিন পরই তুরস্কে পৌঁছায়। এরপর তাকে কাজে সহায়তা করতে অপরজন তুরস্কে পৌঁছে।

“প্রথমে যিনি তুরস্কে যান তার সঙ্গে খাশুগজি হত্যার যোগ আছে কিনা তা আমরা তদন্ত করে দেখছি,” বলেন ওই কর্মকর্তা। তিনি জানান, সোমবার ইস্তাম্বুলে এই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এর আগে তাকে ছয়মাস ধরে পর্যবেক্ষণ করা হয়েছে।

তিনি আরো বলেন, “তুরস্কে বসবাসরত রাজনৈতিক ভিন্নমতাবলম্বীসহ আরবদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলে থাকতে পারে।”

এ ব্যাপারে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রও এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলামনিস্ট এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক সৌদি সাংবাদিক জামাল খাশুগজি গতবছর ২ অক্টোবরে তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন। এ ঘটনা বিশ্বব্যাপী আলোড়ন তোলে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং আরো কয়েকটি পশ্চিমা দেশের ধারণা, সৌদি আরবের যুবরাজ বিন সালমানই এ হত্যার নির্দেশ দিয়েছিলেন। যদিও সৌদি কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।