২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কা গান্ধী ‘চোরের বউ’, বললেন উমা ভারতী

ভারতে লোকসভা নির্বাচনকে ঘিরে তুমুল বাকযুদ্ধের মধ্যে এবার প্রিয়াঙ্কা গান্ধীকে ‘চোরের বউ’ আখ্যা দিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী উমা ভারতী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 09:45 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

নির্বাচনের কয়েকমাস আগেই বিরোধীদল কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা। তার এ আগমনে কংগ্রেস রাজনৈতিকভাবে উপকৃত হবে বলেই মনে করেন অনেক রাজনীতিবিদ।

তবে প্রিয়াঙ্কাকে আগমনের প্রথম দিন থেকেই বিজেপি নেতা-নেত্রীদের নানা প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে। এবার ছত্তিশগড়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ওই আক্রমাত্মক মন্তব্য করেন উমা ভারতী।

নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী কতটা প্রভাব ফেলতে পারবেন? এ প্রশ্নের উত্তরে মঙ্গলবার উমা বলেন, “কোনো প্রভাব ফেলতে পারবেন না। কারণ তার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ আছে, একজন চোরের বউকে যেভাবে দেখা হয়, দেশের মানুষও প্রিয়াঙ্কাকে সেভাবেই দেখবে।”

একাধিক অভিযোগে অভিযুক্ত প্রিয়াঙ্কার স্বামীর রবার্ট ভদ্র। বিদেশে বেনামি সম্পত্তি থেকে শুরু করে অর্থ পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি কয়েক মাসে কয়েকটি মামলায় তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদও করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

উমা ভারতী তার বক্তব্যে এও বলেন, তিনি যে প্রিয়াঙ্কাকেও চোর বলেননি এতই কংগ্রেসের খুশি হওয়া উচিত। রবার্টের ওইসব অপকর্ম কি তার স্ত্রী প্রিয়াঙ্কা জানবেন না? এমন পশ্নও তোলেন তিনি।

নির্বাচনের শুরু থেকে কংগ্রেসের পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব নিয়ে জোরেশোরেই প্রচারাভিযান চালাচ্ছেন প্রিয়াঙ্কা। বিভিন্ন সমাবেশে তার সমর্থকরা ‘ইন্দিরা গান্ধী রিটার্নর্স’ প্ল্যাকার্ড হাতেই তাকে স্বাগত জানাচ্ছে।

কিন্তু প্রিয়াঙ্কার এ রাজনীতিতে আসা যেন মেনে নিতে পারছে না বিরোধীরা। তাই শুরু থেকেই তাকে নিয়ে চলছে বিষোদগার।