২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় নিরামিষাশীদের বিক্ষোভের নিন্দা, ধরপাকড়

অস্ট্রেলিয়া জুড়ে প্রাণী অধিকার কর্মীদের আন্দোলন-বিক্ষোভ ‘লজ্জাজনক এবং আন-অস্ট্রেলিয়ান’ বলে নিন্দা করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। আটক হয়েছে কয়েক ডজন বিক্ষোভকারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 08:40 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

বিবিসি জানায়, প্রাণী হত্যা এবং মাংস বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার নিরামিষাশী বিক্ষোভকারীরা কসাইখানায় জোর করে প্রবেশ করে নিজেদের চেনের সঙ্গে বেঁধে রাখে।  

এছাড়া, শতাধিক বিক্ষোভকারী মেলবোর্নের প্রধান চৌরাস্তাগুলো অবরোধ করে স্লোগান দেয়। পরে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। এসময় ৩৮ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সিডনির দক্ষিণে গুলবার্নে আটক হয়েছে আরো ৯ বিক্ষোভকারী।

প্রধানমন্ত্রী মরিসন বলেন, বিক্ষোভকারীরা কৃষকদের জীবনধারণের উপায়কে ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয় একটি বেতারে তিনি বলেন, “আমার মনে হয় আন্দোলনের ‍নামে জাতীয় স্বার্থের বিরদ্ধে যে চক্রান্ত চলছে এটি তার একটি নমুনা মাত্র। কৃষকরা যদি তাদের নিজেদের জমিতে খামার করতে পারে তবেই জাতীয় স্বার্থ রক্ষা পাবে।”

তার ভাষায় ‘গ্রিন-কলারের এইসব অপরাধীদের’ বিরুদ্ধে রাজ্য কর্তৃপক্ষকে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় মাংস ভোক্তা দেশ অস্ট্রেলিয়া। মেলবোর্ন ছাড়াও ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা প্রাণীর সঙ্গে আচরণ এবং মাংস ভক্ষণের নৈতিকতা নিয়ে প্রচার চালাচ্ছে। এক বিক্ষোভকারী বলেন, “আমরা চাই মানুষ নিরামিষাশী হোক। আমরা চাই প্রাণী নিপীড়ন বন্ধে মানুষ এগিয়ে আসুক।

“প্রাণীদের এত নিষ্ঠুর নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয় যেটা আমরা বেশিরভাগ মানুষ কল্পনাও করতে পারব না। এ আন্দোলন বড় খাঁচার জন্য নয়, এটি প্রাণীদের স্বাধীনতার প্রশ্ন।”

ওদিকে, মাংসের দোকানে বিক্ষোভকারীরা ‘হামলা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে ‘অস্ট্রেলিয়ান মিট ইন্ডাস্ট্রি কাউন্সিল’।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, “এ বিক্ষোভ বন্ধ করতেই হবে এবং এখনই করতে হবে। অস্ট্রেলিয়ার ৯৯ শতাংশ মানুষ মাংস এবং মাংসের তৈরি পণ্য ভক্ষণ করতে ইচ্ছুক। আমাদেরকে তাদের বিষয়টি দেখতে হবে।”

বিশ্বজুড়ে গত ৫০ বছরে মাংস খাওয়ার হার দ্রুতগতিতে বেড়েছে। ১৯৬০’এর দশকের তুলনায় বর্তমানে মাংস খাওয়ার হার প্রায় পাঁচগুণ বেড়ে গেছে বলে জানায় ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা প্রজেক্ট’।