২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করছে’ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র তাদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীকে ঢোকাতে যাচ্ছে বলে জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2019, 03:14 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এই প্রথম কোনো দেশের সশস্ত্রবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অ্যাখ্যা দিতে যাচ্ছে, বলেছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি সপ্তাহের সোমবারের মধ্যেই ওয়াশিংটন ইরানের এ বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী’ ঘোষণা করতে যাচ্ছে বলে ধারণা ওই কর্মকর্তাদের।

গত বছর তেহরানের ওপর আগের সব মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল হওয়ার পর থেকেই এ ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছিল।

মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা তথ্য দিলেও পেন্টাগন এ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এ ধরনের যে কোনো প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণলায়কে করতেও পরামর্শ দিয়েছে তারা।    

তাৎক্ষণিকভাবে জাতিসংঘের ইরানি মিশনের কাছ থেকেও এ খবরের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইআরজিসিকে ওয়াশিংটনের ‘সন্ত্রাসী তালিকায়’ ঢোকাতে যাওয়ার খবর প্রথম জানায় ওয়াল স্ট্রিট জার্নাল। যুক্তরাষ্ট্র এর আগে ইরানের ওই এলিট বাহিনীর অনেক কর্মকর্তা ও সম্পদকে ‘কালো তালিকাভুক্ত’ করলেও বাহিনী হিসেবে আইআরজিসি এসবের মধ্যে ছিল না।

২০০৭ সালে মার্কিন অর্থ মন্ত্রণালয় বাহিনীটির বিদেশে কর্মরত শাখা ‘কুদস বাহিনীকে’ কালো তালিকাভুক্ত করেছিল। এ ‍কুদস ফোর্সের মাধ্যমেই ইরান সিরিয়া, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তার প্রভাববলয় বাড়াচ্ছে  এবং ‘সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে’ বলেও অভিযোগ ছিল তাদের।

তেহরান বলেছে, তাদের বাহিনীকে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী তালিকায়’ নিলে এর ‘কড়া প্রতিক্রিয়া’ দেখানো হবে।

তেমনটা হলে ইরানও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ অ্যাখ্যা দিতে পারে বলে টুইটারে মন্তব্য করেছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান হাসমতউল্লাহ ফালাহাতপিশেহ।

আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা এ ধরনের ঘোষণার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন।

“ট্রাম্প যদি এ ধরনের কিছু নিয়ে এগিয়ে যান, তাহলে রেভ্যুলেশনারি গার্ড মার্কিন সেনাদেরকে বিশ্বজুড়ে ইসলামি স্টেটের মতোই বিবেচনা করবে,” ২০১৭ সালেই বলেছিলেন আইআরজিসির কমান্ডার মোহাম্মদ আলি জাফরি।

ইরাকে মার্কিন সৈন্য থাকা অবস্থায় ইরানি রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ ঘোষণার বিপদ সম্পর্কে সতর্ক করছেন বিশেষজ্ঞরাও।

এলিট এ বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিরও দায়িত্বে। তেহরান এর আগে তাদের কাছে ২ হাজার কিলোমিটার পাল্লা দূরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র আছে বলে দাবি করেছিল।

ইরান থেকে ওই দূরত্বের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েলি বাহিনীর অবস্থান।

“আইআরজিসি এর মধ্যেই নানা ধরনের নিষেধাজ্ঞার ওপর আছে; নতুন এ ধরনের (সন্ত্রাসী সংগঠন) ঘোষণা ওই অঞ্চলে আমাদের যোদ্ধাদের ঝুঁকির মধ্যে ফেলবে,” বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির সরাসরি তত্ত্বাবধানে থাকা আইআরজিসির সেনা, নৌ ও বিমান ইউনিটে এক লাখ ২৫ হাজারের মতো প্রশিক্ষিত সেনা আছে অনুমান রয়টার্সের।

তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় ঢোকালে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে কী ধরনের প্রভাব পড়তে পারে তা স্পষ্ট হওয়া যায়নি।