মিয়ানমারে ‘হেলিকপ্টার হামলায়’ ৫ রোহিঙ্গা নিহত
মিয়ানমারের রাখাইনে একদল রোহিঙ্গার ওপর সামরিক হেলিকপ্টার হামলায় ৫ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
গ্রামবাসীরাসহ এক আইনপ্রণেতা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তবে সামরিক বাহিনীর মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। মেজর জেনারেল তুন তুন নি বলেছেন, সেনাবাহিনী যথাসময়ে এ ঘটনা সম্পর্কে ‘সত্য খবর’ জানাবে।
রোহিঙ্গাদের ওপর সর্বসাম্প্রতিক হামলার এ ঘটনাটি ঘটেছে রাখাইনের একটি গ্রামের কাছে বুথিডাং শহরের একটি উপত্যকায়। রোহিঙ্গাদের দলটি সেখানে বাঁশ সংগ্রহ করছিল।
কিন তুয়াং গ্রামের কমিউনিটি লিডার জ কির আহমেদ টেলিফোনে রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, “গতকাল (বুধবার) বিকেল ৪ টার দিকে সেনাবাহিনীর বিমান হামলায় আমাদের এক গ্রামবাসীসহ ৫ জন নিহত হয়েছে। গ্রামের লোকজনরা বাইরে যাওয়ার সাহস পায়না। তারা ভয়ে ভয়ে আছে।”
স্থানীয় এলাকার এক শ্রমিক রশীদ আহমেদ জানান, তারা সাই দীন উপত্যকায় কাজ করার সময় তার বড় ভাই, চাচা এবং ভাতিজাকে গুলি করে মারা হয়েছে। তারা বাঁশ কেটে জড়ো করার সময় একটি হেলিকপ্টার থেকে তাদের ওপর হামলা হয়।
রশীদ ছাড়াও আরো দুই গ্রামবাসী বাঁশ সংগ্রহে নিয়োজিত ওই রোহিঙ্গাদের ওপর হেলিকপ্টার হামলা হওয়ার কথা জানিয়েছেন।
মিয়ানমারের আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রতিনিধিদলের প্রধান স্টিফেন সাকালিয়ান বলেছেন, তাদের টীম বুথিডাং হাসপাতাল পরিদর্শন করেছে। সেখানে আহত ১৩ জনকে চিকিৎসা করা হচ্ছে। তাদের কারো কারো “জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার দরকার।”
বুথিডাংয়ের এক আইনপ্রণেতা মুয়াং কায়াও জ্যান বলেন, আহত কয়েকজনকে বুথিডাং শহরে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই কয়েকজন মারা যায়। ৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। জ্যান বলেন, “আমি আহতদের কাছে গেলে তারা জানায়, গুলি চলেছে আকাশ থেকে। মাটিতে কোনো সংঘর্ষ হয়নি।”
এ ঘটনার পর পরিস্থিতি খুবই গভীরভাবে নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে আইসিআরসি এবং মিয়ানমারের রেডক্রস টীম। প্রয়োজনে জরুরি সেবা দিতেও তৎপর রয়েছে তারা।
মিয়ানমারের রাখাইন পরিস্থিতি বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসে ২০১৭ সালে। যখন মিয়ানমারের কয়েকটি পুলিশ ফাঁড়িতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সেনাঅভিযানের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা।
জাতিসংঘ গণহত্যার উদ্দেশ্য নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী সংখ্যালঘু এই মুসলিম রোহিঙ্গাদের দমন করতে চেয়েছে বলে অভিযোগ করেছে।
সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মি নামে আরেকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে।
