২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে দূতাবাসে হানা ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’: উ. কোরিয়া

স্পেনের মাদ্রিদে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসে গত মাসে যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল তাকে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 02:31 PM

Updated : 25 Jul 2022, 08:13 PM

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে উৎখাতে তৎপর চলিমা সিভিল ডিফেন্স (সিডিসি) নামের একটি গোষ্ঠী বুধবার ওই অনুপ্রবেশের দায় স্বীকার করে নেয় বলে জানিয়েছে বিবিসি।

শনিবার এ সংক্রান্ত প্রথম আনুষ্ঠানিক মন্তব্যে উত্তর কোরিয়া ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। দূতাবাসে অনুপ্রবেশের ঘটনায় মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ভূমিকা নিয়ে যে গুঞ্জন রয়েছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

সিডিসি বলছে, তারা গত মাসে উত্তর কোরিয়ার মাদ্রিদ দূতাবাসে হানা দিয়ে সেখানকার কম্পিউটার ও তথ্য হাতিয়ে নিয়েছে; এ সংক্রান্ত প্রমাণ এফবিআইকে দেয়া হয়েছে বলেও দাবি তাদের।

অনুপ্রবেশের ওই ঘটনার মূল সন্দেহভাজনকে ধরতে অন্তত দুটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

যেভাবে অনুপ্রবেশ

দূতাবাসের বাণিজ্যিক অ্যাটাশের সঙ্গে দেখা করতে চেয়ে গতমাসে আদ্রিয়ান হং চ্যাং নামে এক ব্যক্তি মাদ্রিদের ওই দূতাবাস ভবনে প্রবেশের সুযোগ পান বলে স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্যবসায়িক বিষয়ে আলোচনা করতে বাণিজ্যিক অ্যাটাশের সঙ্গে আগেও বেশ কয়েকবার দেখা হয়েছিল জানিয়ে তিনি এ সুযোগ আদায় করে নেন।

হং ভেতরে যাওয়ার পরপরই তার সঙ্গী-সাথীরাও জোর করে দূতাবাস ভবনে ঢুকে পড়েন।

এরপর তারা বাণিজ্যিক অ্যাটাশেকে জিজ্ঞাসাবাদ করেন ও তাকে জোর করে পক্ষত্যাগ করানোর চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অ্যাটাশে রাজি না হলে তাকে মাটির নিচের একটি ঘরে বেঁধে ফেলে রাখা হয়।

অনুপ্রবেশে অংশ নেওয়া দলটির আরও দুই সদস্যের নামও পরে কর্তৃপক্ষ জানিয়েছে। এরা হলেন- মার্কিন নাগরিক স্যাম রাইয়ু ও দক্ষিণ কোরিয়ার উ রান লি।

দলটি কয়েক ঘণ্টা দূতাবাসের কর্মীদের জিম্মি করে রাখে। এর মধ্যেই ভবনের একটি জানালা দিয়ে পালাতে সক্ষম হন উত্তর কোরীয় দূতাবাসের এক নারী কর্মী।

বাইরে এসে তিনি চিৎকার করে সহযোগিতা চাইলে উদ্বিগ্ন প্রতিবেশীরা দ্রুত পুলিশে খবর দেয়।

দূতাবাস প্রাঙ্গণে পুলিশ এলে তাদেরও বিভ্রান্ত করেন আদ্রিয়ান হং চ্যাং।

বুকে কিম জং উনের ব্যাজ লাগানো জ্যাকেট পরে তিনি উত্তর কোরিয়ার একজন দূত সেজে হাজির হয়ে ‘কিছুই হয়নি, সব ভালো আছে’ জানিয়ে কর্মকর্তাদের আশ্বস্তও করেন।

দলটির বেশিরভাগ সদস্যই পরে উত্তর কোরীয় দূতাবাসের তিনটি আলাদা কূটনীতিক গাড়িতে চেপে পালিয়ে যান। হং এবং বাকিরা পালান দূতাবাসের পেছনের দরজায় থাকা অন্য গাড়িতে করে। চারটি ভাগে ভাগ হয়ে পুরো দলটি পরে পর্তুগালের দিকে রওনা দেয়।

যুক্তরাষ্ট্রে বসবাস করা মেক্সিকান নাগরিক হং পাঁচদিন পর এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি নিয়ে তার ব্যাখ্যা হাজির করেন বলেও জানা গেছে।

উত্তর কোরিয়ার শাসক কিম ‘রাজপরিবার’কে উৎখাতে প্রতিশ্রুতিবদ্ধ সিডিসি গোষ্ঠীটি ফ্রি জোসিওন নামেও পরিচিত।

তাদের ওয়েবসাইট ও ইউটিউব পেইজে মাদ্রিদে উত্তর কোরীয় দূতাবাসে অনুপ্রবেশের পর সেখানে থাকা কমিউনিস্ট নেতাদের ছবি ভাংচুরের ভিডিও পাওয়া গেছে।

২০১৭ সালে মালয়েশিয়ার বিমানবন্দরে কিম জং ন্যাম হত্যাকাণ্ডের পর ম্যাকাউ থেকে তার ছেলে কিম হ্যান-সলকে নিরাপদে বের করে আনার কৃতিত্ব নিয়েই সিডিসি প্রথম দৃশ্যপটে হাজির হয়।

চাচা কিম জং উনকে ‘একনায়ক’ অ্যাখ্যা দেওয়া হ্যান-সল এরই মধ্যে উত্তর কোরিয়ায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিবিসি।

জড়িত ‘মার্কিন গোয়েন্দাসংস্থাও’

দূতাবাসে অনুপ্রবেশের ঘটনার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, মাদ্রিদে উত্তর কোরীয় দূতাবাসে যা ঘটেছে তা ছিল সুপরিকল্পিত; এর ধরন ছিল ‘সামরিক বাহিনীর গোপন দলের পরিচালিত কর্মকাণ্ডের মতো’। হামলাকারীরা জানতো- তারা কী খুঁজছে।

এ ঘটনার সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা ও তাদের মিত্রদের যোগসাজশ থাকতে পারে বলেও স্পেনের কর্তৃপক্ষগুলোর ধারণা, বলছে এল পাইস ও এল কনফিডেন্সিয়াল।

যে দলটি দূতাবাসে অনুপ্রবেশ করেছিল তাদের অন্তত দুই সদস্যের সঙ্গে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) যোগাযোগ আছে, এল পাইসের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

সিআইএ এ বিষয়ে বিবিসির কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দূতাবাসে অনুপ্রবেশের ঘটনায় যোগসাজশের বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

সিডিসির এ দলটি মাদ্রিদ দূতাবাস থেকে স্পেনে উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত কিম হিয়ক-চোল সংক্রান্ত তথ্য নিতে চেয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

স্পেন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে ২০১৭ সালের সেপ্টেম্বরে হিয়ক-চোলকে বহিষ্কার করেছিল।

ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক আলোচনাগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছে বিবিসি।

ভিয়েতনামে কিম-ট্রাম্প বৈঠক আয়োজনের অন্যতম কারিগর হিয়ক-চোল জানুয়ারিতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার ডানহাত খ্যাত কিম ইয়ং-চোলের ওয়াশিংটন সফরেও সঙ্গী ছিলেন।