২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকস্মিক বন্যায় ৪৫ জনের মৃত্যুর পর ইরানে আরও বন্যার আশঙ্কা

ইরানে গত সপ্তাহের প্রথম দিকে আকস্মিক বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যুর পর ফের বন্যার আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 10:39 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসে আরও বন্যার আশঙ্কায় গ্রামবাসীদের সরিয়ে নিতে কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের দেজ ও কারখেহ নদীর কাছে অবস্থিত অন্তত ১১টি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

আরও বৃষ্টিপাতের পূর্বাভাসে পূর্ব সতর্কতা হিসেবে ওই দুটি নদী বরাবর দুটি বড় বাঁধের পানি ছেড়ে দেওয়ার কারণে ওই গ্রামগুলো ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ইরানের জ্বালানিমন্ত্রী রেজা আরদাকানিয়ান, যিনি পানি সম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্বে আছেন, জানিয়েছেন, ‘বন্যার পানি নিয়ন্ত্রণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে’ কর্তৃপক্ষগুলো রাতদিন কাজ করে যাচ্ছে। 

রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেছেন, “বৃষ্টির কারণে আগামী পাঁচ দিনে খুজেস্তানের বাঁধের জলাশয়গুলোতে প্রায় তিনশ কোটি ঘনমিটার পানি প্রবাহিত হতে পারে বলে হিসাব করা হয়েছে। ওই জলাশয়গুলোর সর্বোচ্চ ধারণক্ষমতা একশ ৮০ কোটি ঘনমিটার হওয়ায় পানি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি আমরা।”

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ওই অঞ্চলের কোনো শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার দরকার নেই, কিন্তু নদী দুটির নিকটবর্তী গ্রাম ও খামারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাই সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। ফসল ও গবাদিপশু হারানো লোকজনকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

গত সপ্তাহের প্রথমদিকে ইরানের উত্তর ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছিল। অন্তত এক দশকের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাতে আকস্মিক এ বন্যা দেখা দেয় বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ নামাকির উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।