ট্রাম্প-কিমের ‘ভেস্তে যাওয়া’ হ্যানয় বৈঠক ও একটি নথি
গত মাসে হ্যানয়ে তাদের আলোচনা যেদিন ভেস্তে যায় সেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হাতে একখণ্ড কাগজ তুলে দিয়েছিলেন, তাতে অন্যান্য দাবির সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও বোমার উপাদান যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সুস্পষ্ট দাবি ছিল বলে জানিয়েছে রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সের দেখা একটি নথি থেকেই এমন তথ্য পাওয়া গেছে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি।
২৮ ফেব্রুয়ারি, হ্যানয়ের মেট্রোপোল হোটেলে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে কোরিয়ান ও ইংরেজি উভয় ভাষায় লেখা ওই নথিটি ট্রাম্প কিমকে দিয়েছিলেন, ওই আলোচনা সম্পর্কে জানেন এমন এক সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে একথা জানিয়েছেন।
ওই সূত্র জানান, ওই প্রথম পারমাণবিক নিরস্ত্রীকরণ বলতে তিনি কী বুঝিয়ে থাকেন তা স্পষ্টভাবে সরাসরি কিমের কাছে ব্যাখ্যা করেন ট্রাম্প।
ওই দিন দুই নেতার একত্রে মধ্যাহ্ন ভোজ করার কথা থাকলেও তা বাতিল করা হয়। কেন শীর্ষ বৈঠকটি ভেস্তে গিয়েছিল, কোনো পক্ষ সে বিষয়ে সম্পূর্ণ কোনো ভাষ্য না দিলেও ওই নথিটি তা ব্যাখ্যায় সহায়তা করতে পারে বলে মন্তব্য রয়টার্সের।
দুই দিনের ওই শীর্ষ বৈঠকের পর এক টেলিভিশন সাক্ষাৎকারে হোয়াইট হাউসের জাতীয় নিরপত্তা উপদেষ্টা জন বোল্টন ওই নথিটির কথা প্রথম উল্লেখ করেন। তবে ওই নথিতে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র ও ফিসাইল উপাদান যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, এমন দাবিটি যে ছিল তা ওই সাক্ষাৎকারে প্রকাশ করেননি বোল্টন।
ওই নথিতে অনেকদিন ধরে বোল্টনের বলা কট্টর অবস্থানের ‘লিবিয়া মডেল’ উপস্থাপিত হয়ে থাকতে পারে বলে মন্তব্য রয়টার্সের। উত্তর কোরিয়া এই মডেল সবসময়ই প্রত্যাখ্যান করে এসেছে। কিম এই নথিটিকে অপমানজনক ও উস্কানিমূলক হিসেবে বিবেচনা করে থাকতে পারেন বলে মত বিশ্লেষকদের।
ওই নথিটির ইংরেজি সংস্করণটি রয়টার্স দেখেছে।
নথিটিতে “উত্তর কোরিয়ার পারমাণবিক অবকাঠামো, কেমিক্যাল ও বায়োলজিক্যাল যুদ্ধের কর্মসূচী এবং এ সম্পর্কিত দ্বৈত-ব্যবহারযোগ্য সক্ষমতা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো পুরোপুরি ভেঙে ফেলার” আহ্বান জানানো হয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও বোমার জ্বালানি হস্তান্তর করার আহ্বান জানানোর পাশাপাশি ওই নথিটিতে আরও চারটি প্রধান পয়েন্ট ছিল।
এতে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচী সম্পর্কে বিস্তারিত একটি ঘোষণা দেওয়ার ও সেখানে মার্কিন ও আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল। পাশাপাশি এ সম্পর্কিত সব ধরনের তৎপরতা ও নতুন কোনো স্থাপনা নির্মাণ বন্ধ, সব পারমাণবিক অবকাঠামো ধ্বংস করার এবং পারমাণবিক কর্মসূচীর সব বিজ্ঞানী ও কারিগরদের বাণিজ্যিক তৎপরতায় নিয়োগ করার কথা বলা হয়েছিল।
পারমাণবিক কর্মসূচী ত্যাগ করার পদক্ষেপের বিনিময়ে উত্তর কোরিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার বিষয়ে ট্রাম্প ও কিম কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর ভিয়েতনামের রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠক ভেস্তে যায়। বৈঠক সূচী সংক্ষিপ্ত করে উভয় নেতা নিজ নিজ দেশে ফিরে যান।
এই বৈঠকের পর উত্তর কোরিয়ার কর্মকর্তারা বোল্টন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ‘গুণ্ডার মতো’ দাবিদাওয়ার জন্য অভিযুক্ত করেন। তারা বলেন, পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিতের কথা বিবেচনা করছে ও তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষার বিষয়ে নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখতে পারে।
রয়টার্স জানিয়েছে, ওই নথি নিয়ে মন্তব্য করার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস আর নথিটি গোপনীয় হতে পারে জানিয়ে মন্তব্য করতে অস্বীকার করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
