ফিলিপিন্সের বিমানবন্দরে টেপে মোড়ানো ১,৫২৯ কচ্ছপ উদ্ধার
ফিলিপিন্সের ম্যানিলা বিমানবন্দর থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেড় হাজারের বেশি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ।
রোববার চারটি পরিত্যক্ত লাগেজ থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার ৫২৯টি কচ্ছপ উদ্ধার করা হয়, যেগুলোর বাজার মূল্য ৪৫ লাখ পেসোর বেশি (প্রায় ৮৭ হাজার মার্কিন ডলার) বলে জানায় বিবিসি।
অবৈধভাবে বন্যপ্রাণী পাচার করলে কড়া সাজার ভয়ে লাগেজগুলোর মালিক সেগুলো ফেলে গেছেন বলে ধারণা পুলিশের। ফিলিপিন্সের আইন অনুযায়ী, বন্যপ্রাণী পাচারে সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড এবং দুই লাখ পেসোর বেশি জরিমানা।
হংকং থেকে ফিলিপিন্স এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠা এক ফিলিপিনো ওই লাগেজগুলো ফেলে গেছেন বলে ধারণা দেশটির ব্যুরো অব কাস্টমসের। তারা বলছে, “বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে কড়া নজরদারি এবং ধরা পড়লে কঠোর শাস্তি কথা জানতে পেরে হয়ত ওই ব্যক্তি এগুলো ফেলে গেছেন।”
কচ্ছপগুলো ‘ওয়াইল্ডলাইফ ট্রাফিক মনিটরিং ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
