২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে যন্ত্রাংশ নির্মাণ কারখানায় বন্দুকধারীর হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি শিল্প পার্ক এলাকায় বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2019, 10:41 AM

Updated : 08 Apr 2022, 03:50 PM

৪৫ বছর বয়সী বন্দুকধারী নিজেও পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। হামলাকারীর সঙ্গে গুলি বিনিময়ে ৫ পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ শিক্ষার্থী নিহতের ঘটনার বর্ষপূর্তির এক দিন পর এ হামলা হল।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে শিকাগোর ৪০ মাইল দূরের শহর অরোরার হেনরি প্র্যাট কোম্পানিতে বন্দুকধারীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা ঘটে। কোম্পানিটি বড় বড় পানির পাইপে ব্যবহৃত ভালভ তৈরি করে।

হামলাকারীর নাম গ্যারি মার্টিন, তিনি নিজেও একসময় হেনরি প্র্যাট কারখানার কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর ৪৫ বছর বয়সী এ ব্যক্তি তুমুল ‘মানসিক চাপে’ ছিলেন বলে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে শিকাগোভিত্তিক সান-টাইমস।

কী কারণে এ হামলা হতে পারে, প্রাথমিকভাবে সে সম্বন্ধে ধারণা পাওয়া যায়নি।

শুক্রবার দুপুর ১টা ২৪ মিনিটের দিকে পুলিশ প্রথম যন্ত্রাংশ নির্মাণ কারখানাটিতে বন্দুকধারীর হামলার খবর পায় বলে পরে এক সংবাদ সম্মেলনে জানান অরোরা পুলিশের প্রধান ক্রিস্টেন জিমান।

অল্প সময়ের মধ্যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে, তারাও হামলাকারীর গুলির মুখে পড়েন। গুলি বিনিময়ের এক পর্যায়ে মার্টিন নিহত হন।

পুলিশের পাশাপাশি ওই শিল্প পার্ক এলাকায় দমকল বাহিনীর সদস্য, প্যারামেডিকমহ জরুরি বিভাগের সদস্যদেরও মোতায়েন করা হয়।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত দুই পুলিশ সদস্যকে কাছাকাছি এলাকার একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।