২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অবৈধ এক ব্রিটিশ অভিবাসী র‌্যাপার

অবৈধ অভিবাসী হিসাবে আটলান্টার র‌্যাপার শায়া বিন আব্রাহাম-জোসেফকে গ্রেপ্তার করেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা; সংগীত জগতে যিনি ‘টোয়েন্টিওয়ান সাভাজ’ নামে পরিচিত। কর্মকর্তারা তাকে ব্রিটিশ নাগরিক বলেই সনাক্ত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2019, 12:07 AM

Updated : 08 Apr 2022, 03:48 PM

অভিবাসন কর্মকর্তারা বলছেন, ২০০৫ সালের জুলাইয়ে যুক্তরাজ্য থেকে ১২ বছর বয়সে জোসেফ যুক্তরাষ্ট্রে এসেছিলেন। একবছর পর তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আর যুক্তরাষ্ট্র ছাড়েননি।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) মুখপাত্র বলেছেন, ওই র‌্যাপার যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করে এসেছেন এবং অপরাধের গুরুতর অভিযোগেও তিনি দোষী।

আব্রাহাম-জোসেফ গ্রেপ্তার হওয়ার খবর আসার কয়েকঘন্টা পর ‘মেইলঅনলাইন’ তার জন্মসনদের একটি কপি পেয়েছে। এ থেকে দেখা গেছে, জোসেফের জন্ম পূর্ব লন্ডনের নিউহামে। জন্মসনদের তথ্যানুযায়ী, জোসেফ নিউহাম হাসপাতালে জন্মেছিলেন ১৯৯২ সালের ২২ অক্টোবরে।

রোববার আটলান্টায় অভিযান চালিয়ে জোসেফকে গ্রেপ্তার করা হয়। তাকে জর্জিয়ায় ইমিগ্রেশন কাস্টডিতে রাখা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। শুরু হয়েছে তাকে বিতাড়িত করার প্রক্রিয়াও।

তার বিষয়ে বিবিসি থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা বলেন, “যুক্তরাষ্ট্রে এক ব্রিটিশ নাগরিক আটকের পর তার আইনজীবীর সঙ্গে আমাদের কর্মকর্তারা যোগাযোগ করছেন।”

র‌্যাপার জোসেফ আগামী সপ্তাহের গ্র্যামি এওয়ার্ডে দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাছাড়া, সম্প্রতি প্রকাশিত একটি অ্যালবামের কারণে জনপ্রিয়তার শীর্ষে উঠে যাওয়া জোসেফ নানা সময় তার দাতব্য কাজের জন্যও সুপরিচিত। তার গানে আটলান্টায় মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কথা বলা হয়।

তবে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের মুখপাত্র সিএনএন’কে বলেছেন, “মানুষ যেভাবে তাকে চেনে তার পুরোটাই মিথ্যায় মোড়া।”

বিবিসি জানায়, জোসেফ অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে আটলান্টায় তার ছেলেবেলা কাটানোর বর্ণনা দিয়েছেন।

২০১৬ সালে একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে জোসেফ বলেছিলেন, মাত্র আট বছর বয়সে তিনি প্রথম আগ্নেয়াস্ত্র দেখেছেন। যদিও তখন তিনি কোথায় থাকতেন সে বিষয়ে কিছু বলেননি।

তবে বলেছেন, ১২/১৩ বছর বয়সে ক্লাসে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার অপরাধে আটলান্টার একটি স্কুল থেকে তাকে বহিস্কার করা হয়েছিল। ২০১৪ সালে মাদক মামলায় তিনি দোষী সাব্যস্ত হন।

কিন্তু জোসেফের ভক্তরা অবৈধ অভিবাসী হিসেবে তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিয়ে দ্বিধায় আছে। যুক্তরাষ্ট্রের অনলাইন সাংবাদ মাধ্যম টিএমজে কে জোসেফের আইনজীবী ডিনা লা পল্ট বলেন, তাকে মুক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, “সেখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কিনা, কর্তৃপক্ষের সঙ্গে বসে আমি সেটা বোঝার চেষ্টা করছি। এই দেশের বিশেষ করে জর্জিয়ার তরুণদের কাছে আব্রাহাম-জোসেফ একজন আদর্শ ব্যক্তি। তিনি সুবিধাবঞ্চিত তরুণদের উন্নয়নে সক্রিয় হয়ে কাজ করছেন।”

ওদিকে, জোসেফের এক ভক্ত বিবিসি’কে বলেন, “তিনি ইংল্যান্ড থেকে একাই আটলান্টা চলে এসেছেন এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে।”

অন্য একজন বলেন, “তিনি এখানে একজন আইকন। তিনি চমৎকার একজন গায়ক, যিনি দারুণ সব গান সৃষ্টি করেছেন।  আমরা অনেক বড়মাপের একজন শিল্পীকে হারাতে চলেছি।”

যুক্তরাষ্ট্রে এক কোটির বেশি অবৈধ অভিবাসী রয়েছে।