২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সঙ্গে বৈঠকের দাবি গুইদোর

ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 12:30 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে সামরিক বাহিনীর সমর্থন পাওয়ার জন্য এ বৈঠক বলে জানিয়েছেন তিনি।

নিউ ইয়র্ক টাইমসের মতামত পাতায় প্রকাশিত এক নিবন্ধে গুইদো এসব তথ্য প্রকাশ করেন বলে খবর বিবিসির।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় এই নেতা চলতি মাসের প্রথমদিকে নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণার পর থেকে দেশটির ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর হয়ে উঠেছে।

রাশিয়া ও চীন মাদুরোকে সমর্থন দিচ্ছে, অপরদিকে যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ গুইদোকে স্বীকৃতি দিয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে গুইদো লিখেছেন, “সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছি আমরা। সরকারে পরিবর্তন আনতে মাদুরোর প্রতি সামরিক বাহিনীর সমর্থন প্রত্যাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ওই বিভাগে যারা আছেন তাদের বেশিরভাগই দেশের চলমান যন্ত্রণাদায়ক পরিস্থিতি আর মেনে নেওয়া যায় না বলে একমত হয়েছেন।” 

সশস্ত্র বাহিনীর যারা ‘মানবতাবাদ বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হবেন না’, ভেনেজুয়েলার বিরোধীদল তাদের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে বলে নিবন্ধে জানিয়েছেন তিনি।

যখন প্রেসিডেন্ট অবৈধ বলে বিবেচিত হবেন তখন ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান হিসেবে সংবিধান তাকে সাময়িক সময়ের জন্য ক্ষমতা গ্রহণের অধিকার দিয়েছে বলেও নিজের নিবন্ধে দাবি করেছেন তিনি।

কিন্তু তিনি এ কথা বললেও ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

এর আগে দেশটির প্রেসিডেন্ট মাদুরো রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ-কে বলেছিলেন, ‘ভেনেজুয়েলার ভালর জন্য’ বিরোধীদলের সঙ্গে তিনি কথা বলতে প্রস্তুত।

তবে কোনো আল্টিমেটাম বা হুমকি মেনে নিতে তিনি প্রস্তুত নন বলে জানিয়েছিলেন। ভেনেজুয়েলার সামরিক বাহিনী তার পক্ষে আছে জানিয়ে ‘পক্ষত্যাগীরা’ একটি ক্যু করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

মাদুরোর সরকার পরিচালিত ভেনেজুয়েলায় তীব্র অর্থনৈতিক সংকট চলছে। এ পরিস্থিতি দেশজুড়ে সহিংসতা বৃদ্ধির পাশাপাশি প্রায় ৩০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছেন।