২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অচলাবস্থা নিরসনের ২ প্রস্তাব মার্কিন সিনেটে খারিজ

মার্কিন কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থা নিরসনের দুটি প্রস্তাব কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় খারিজ হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2019, 12:34 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

বৃহস্পতিবার রিপাবলিকান ও ডেমোক্রেট আইনপ্রণেতারা পৃথকভাবে ওই দুটি প্রস্তাব উত্থাপন করেছিলেন।

রিপাবলিকানদের প্রস্তাব ৫০-৪৭ এবং ডেমোক্রেটদেরটা ৫২-৪৪ ভোট পেলেও বাজেট সংক্রান্ত নতুন বিল পাসে উচ্চকক্ষে ন্যুনতম ৬০ জনের সমর্থন লাগে।

প্রস্তাবদুটির একটিও অনুমোদিত না হওয়ায় কেন্দ্রীয় সরকারের রেকর্ড ৩৪ দিনের আংশিক অচলাবস্থা আরও দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

হোয়াইট হাউস ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৮ লাখ সরকারি কর্মীকে মাসখানেকেরও বেশি সময় ধরে বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধে ডিসেম্বরের ২৩ তারিখ থেকে কেন্দ্রীয় সরকারের প্রায় এক চতুর্থাংশ সংস্থা ও বিভাগ বন্ধ হয়ে যায়।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শুরু থেকেই ওই দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দেয়ালের অর্থ মেক্সিকোর কাছ থেকে নেওয়া হবে বললেও, মেক্সিকান সরকার তা দিতে অস্বীকৃতি জানালে সুর বদলে যায় মার্কিন প্রেসিডেন্টের।

দেয়াল নির্মাণের কাজ শুরু করতে এ বছরই ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন তিনি। অন্যদিকে জনগণের করের টাকায় প্রেসিডেন্টের এ অযৌক্তিক দাবি পূরণে আপত্তি জানিয়েছে ডেমোক্রেটরা।

ট্রাম্প বলেছেন, দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া কোনো বাজেট বিলেই স্বাক্ষর করবেন না তিনি।

বৃহস্পতিবার সিনেটে রিপাবলিকানদের উত্থাপিত প্রস্তাবে ট্রাম্পের চাহিদামাফিক বরাদ্দের উল্লেখ থাকলেও ডেমোক্রেটরা তাতে বাধ সেধেছে। রিপাবলিকানদের বাইরে মাত্র একজন রক্ষণশীল ডেমোক্রেট সিনেটর প্রস্তাবটিতে সমর্থন দেন।

অন্যদিকে ডেমোক্রেটদের প্রস্তাবটিতে সমর্থন পড়ে ৬ রিপাবলিকান আইনপ্রণেতার। এর মধ্যে উটাহর সিনেটর মিট রমনির মতো প্রভাবশালী রিপাবলিকানও ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

পরে উভয় দলের সিনেটররাই অন্তত তিন সপ্তাহের জন্য বন্ধ হয়ে যাওয়া বিভাগ ও সংস্থাগুলো খোলা রাখার প্রস্তাব আনা যায় কিনা তা নিয়ে আলোচনায় একত্রিত হয়েছেন।