ড্রামে করে আটলান্টিক পাড়ির দুঃসাহসিক যাত্রা
ড্রামে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে দুঃসাহসিক যাত্রা শুরু করেছেন ফ্রান্সের নাগরিক জ্যঁ জ্যাক সাভা।
কেবলমাত্র সমুদ্রের ঢেউয়ের ধাক্কাতেই ভেসে চলেছেন তিনি। স্পেনের একটি দ্বীপ থেকে তার যাত্রা শুরু হয়েছে। তিনমাসের মধ্যেই ক্যারিবিয়ায় পৌঁছেবেন বলে আশা করছেন তিনি।
বিবিসি জানায়, এ তিনমাস থাকার জন্য ড্রামের ভেতরেই ঘুমানোর জায়গা, রান্নাঘর এবং জিনিসপত্র রাখার জায়গা করে নিয়েছেন জ্যাক।
যাত্রা করার পরপরই ফোনে সংবাদমাধ্যমকে তিনি জানান, “আবহাওয়া চমৎকার। ঘণ্টায় দু’তিন কিলোমিটার করে এগুচ্ছি। বাতাসও অনুকূলে আছে।”
৭১ বছর বয়সী জ্যাক ছিলেন সেনাবাহিনীর ছত্রীসেনা। পার্ক রেঞ্জার এবং পাইলট হিসাবেও তিনি কাজ করেছেন। স্রোতের ধাক্কাতেই তার রেসিন-আবৃত প্লাইউডের ড্রামটি ২ হাজার ৮শ’ মাইল পাড়ি দিয়ে ক্যারিবিয়ায় পৌঁছবে বলে বিশ্বাস তার।
তিন মিটার লম্বা এবং ২ দশমিক ১০ মিটার চওড়া এ ড্রামটিতে থাকার জন্য ৬ স্কয়ারমিটার জায়গা আছে। এতে আছে ছোট্ট জানালাও, যেদিক দিয়ে মাছ চলাচল করতে দেখতে পাবেন জ্যাক।
বড় ঢেউয়ের ধাক্কা এবং তিমির আক্রমণ সামলে এগিয়ে চলার মত মজবুত করে তৈরি করা হয়েছে ড্রামটি। আর যোগাযোগ রক্ষার জন্য সৌর বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে এতে।
