ফের ফ্রান্সের রাস্তায় ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা
সরকারি আহ্বান অগ্রাহ্য করে পঞ্চমবারের মতো সাপ্তাহিক ছুটির দিনে রাস্তায় নেমে এসেছে ফ্রান্সের ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা।
শনিবার হাজার হাজার প্রতিবাদকারী ফ্রান্সের সড়কগুলোতে নেমে এলেও গত শনিবারের তুলনায় এদিন তাদের সংখ্যা কম ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত সপ্তাহে স্ট্রাসবুর্গে বন্দুক হামলার ঘটনার পর বিক্ষোভ স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল ফ্রান্স সরকার, কিন্তু ওই আহ্বান অগ্রাহ্য করে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।
এ দিন রাজধানী প্যারিসে সম্ভাব্য সহিংসতা ছড়িয়ে পড়া রুখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। এসব পরিস্থিতি সত্বেও ক্রিসমাস পরবের ক্রেতাদের স্বাগত জানাতে প্যারিসের বেশ কিছু বড় দোকান খোলা ছিল।
জ্বালানির কর বৃদ্ধির প্রতিবাদে মধ্য নভেম্বরে সড়কগুলোর সংযোগস্থল ও গোলচত্বরগুলোতে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু দ্রুতই এটি ম্যাক্রোঁর অর্থনৈতিক নীতিবিরোধী একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়।
প্যারিসে পর পর কয়েকটি সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এ প্রতিবাদের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংস সংঘর্ষের পাশাপাশি ভাংচুর, লুটপাটের মতো ঘটনাও ঘটে।
শঁজে এলিজেতে ইয়েলো ভেস্ট পরে মিছিলরত আন্দোলনকারী লুয়িক বুলে জানান, আগের সপ্তাহগুলোর চেয়ে প্রতিবাদ অনেকটা প্রশমিত হলেও প্রতিবাদকারীদের ক্ষোভের কারণ চিহ্নিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবার প্রায় ৬৯ হাজার পুলিশ তৎপর থাকবে বলে জানিয়েছিল ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়; এর বাইরে তুলুজ, বোর্দু ও সা-ইচেন শহরে অতিরিক্ত বাহিনী উপস্থিত থাকবে বলেও জানিয়েছিল।
সরকারি তথ্যানুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ৩৩,৫০০ প্রতিবাদকারী রাস্তায় নেমেছিল বলে জানা গেছে। আগের সপ্তাহে একই সময় রাস্তায় নেমে আসা প্রতিবাদকারীর সংখ্যা ছিল ৭৭ হাজার।
প্যারিসে প্রায় ২২০০ প্রতিবাদকারীকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বেশ কয়েকটি আবাসিক এলাকায় মিছিল করতে দেখা গেছে। এ দিন দুপুর পর্যন্ত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভাষ্য প্যারিসের পুলিশ কর্মকর্তাদের।
