২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ইসলামপন্থিদের বিশাল সমাবেশ

ধর্ম অবমাননার অভিযোগে জাকার্তার সাবেক খ্রিস্টান গভর্নর বাসুকি জাহাজা পুরনামার বিরুদ্ধে আন্দোলনের বর্ষপূর্তিতে আয়োজিত এক মিছিল-সমাবেশে অংশ নিয়েছে প্রায় ১ লাখ ইসলামপন্থি।   

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2018, 10:43 PM

Updated : 08 Apr 2022, 07:25 PM

কট্টরপন্থি মুসলমানদের কয়েকটি সংগঠন আয়োজিত এই মিছিলে সাবেক জেনারেল প্রাবোউ সুবিয়ান্তোও অংশ নেন।

জাতীয়তাবাদী এ নেতার সঙ্গে ইসলামপন্থি সংগঠনগুলোর সুসম্পর্ক রয়েছে। ইন্দোনেশিয়ায় আগামী বছর জাতীয় নির্বাচন, ওই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হবেন প্রাবোউ।

২০১৪ সালের নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলেন। এবার জয় নিশ্চিত করতে ইসলামপন্থি দলগুলোর সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখছেন বলে ধারণা করা হয়।

রোববার জোহরের নামাজের পর স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সাদা পোশাক পরা হাজার হাজার মানুষ ইসলামিক পতাকা হাতে জাকার্তার ‘ন্যাশনাল মনুমেন্টে’ জড়ো হওয়া শুরু করে।

সেখানে এক বক্তৃতায় সুবিয়ান্তো বলেন, “ইসলাম অর্থ একতা ও ঐক্যবদ্ধ হওয়া, ইন্দোনেশিয়ায় ইসলামকে এই রূপে ফিরতে দেখে আমরা গর্বিত এবং ইসলাম সবার জন্য শান্তি প্রতিষ্ঠা করবে।”

এই মিছিল উপলক্ষ্যে জাকার্তায় হাজারের বেশি পুলিশ প্রস্তুত রাখা হয়েছিল, যদিও মিছিল শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

প্রেসিডেন্ট উইদোদার ঘনিষ্ঠজন বাসুকি জাহাজা পুরনামা ২০১৪ সালের নভেম্বরে জাকার্তার গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার চীনা বংশোদ্ভূত দ্বিতীয় খ্রিস্টান গভর্নর ছিলেন।

২০১৬ সালে তার বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননার অভিযোগ উঠে এবং নগরীতে আন্দোলন শুরু হয়। যার প্রেক্ষিতে ২০১৭ সালের  আগাম গভর্নর নির্বাচনে তিনি বর্তমান গভর্নরের কাছে হেরে যান।

পরে ধর্ম অবমাননার অভিযোগে দোষীসাব্যস্ত হলে তার দুই বছরের কারদণ্ড হয়।