প্যারিসে বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ১৬৯
ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, ঘটনাস্থল থেকে ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার প্যারিসের কেন্দ্রস্থল শঁজ এলিজে অ্যাভিনিউ ও এর আশপাশে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড ও জল কামান ব্যবহার করে পুলিশ।
জ্বালানীর মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে প্রায় তিন সপ্তাহ ধরে ফ্রান্সজুড়ে সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহৃত ইয়েলো ভেস্ট পরে অংশগ্রহণ নিচ্ছে প্রতিবাদকারীরা। এ কারণে এই প্রতিবাদটি ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে।
চরম ডানপন্থি ও চরম বামপন্থি গোষ্ঠীগুলোর সহিংস কর্মীরা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে অনুপ্রবেশ করেছে বলে আশঙ্কা করছে পুলিশ। তারা ১৬৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে।
প্যারিসের পৃথিবী বিখ্যাত বুলেভার শঁজে এলিজেতে মাথা ও মুখ ঢাকা প্রতিবাদকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা রাস্তার বেড়া ও অন্যান্য বস্তু পুলিশের দিকে ছুড়ে মারে।
অ্যাভিনিউটির মাথায় ‘আর্ক দ্য থিঁয়ুফ’ তোরণের নিচে অজানা সৈন্যদের সমাধি ঘিরে কয়েকশত ইয়েলো ভেস্ট প্রতিবাদকারী বসে পড়ে। ফ্রান্সের জাতীয় সংগীত গাওয়ার ফাঁকে ফাঁকে তারা ‘ম্যাক্রো পদত্যাগ কর!’ বলে শ্লোগান দেয়।
তোরণটির সামনে প্রতিবাদকারীরা বড় কালো অক্ষরে ‘ইয়েলো ভেস্টের জয় হবে’ লেখা তুলে ধরে।
সকালজুড়ে চলা কয়েক ঘন্টার এই দাঙ্গা-হাঙ্গামার পর তোরণটির চারপাশ থেকে বিক্ষোভাকারীদের হটিয়ে দেয় পুলিশ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দাঙ্গাবাজরা ও শান্তিপূর্ণ আন্দোলনকারীরা ঘটনাস্থলে ফিরে আসে। আশপাশের সড়কগুলোতে পুলিশ সড়ক অবরোধ বসালেও সেগুলো ভেঙে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা।
অপরদিকে শঁজে এলিজে বরারর অবস্থান নেওয়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা ‘ম্যাক্রোঁ, আমাদের সঙ্গে নির্বোধের মতো আচরণ বন্ধ কর!’ লেখা শ্লোগান তুলে ধরেন।
দুপক্ষের মধ্যে এসব সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যসহ মোট ৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ জানিয়েছেন, এদিন ফ্রান্সজুড়ে ৩৬ হাজার প্রতিবাদকারী ও প্যারিসে ৫,৫০০ প্রতিবাদকারী রাস্তায় নেমেছিল।
পুলিশ ইউনিয়ন জানিয়েছে, ফ্রান্সজুড়ে ৫৮২টি সড়ক অবরোধ করা হয়েছিল।
পশ্চিম ফ্রান্সের নথ বিমানবন্দরের টারমাকে প্রতিবাদকারীরা ঢুকে পড়ার পর কিছুক্ষণের জন্য বিমানবন্দরটির বন্ধ রাখা হয়েছিল।
