উপসাগরে স্টিলথ্ যুদ্ধজাহাজ নামিয়েছে ইরানের নৌবাহিনী
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই পারস্য উপসাগরে নিজেদের তৈরি একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ নামিয়েছে ইরানের নৌবাহিনী।
শনিবার নামানো এই যুদ্ধজাহাজটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম স্টিলথ্ প্রযুক্তি সম্পন্ন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানের মাধ্যমে ডেস্ট্রয়ার সাহান্দ পারস্য উপসাগরীয় ইরানি বন্দর আব্বাসের নৌঘাঁটিতে নিয়মিত নৌবাহিনীর সঙ্গে যোগ দেয়।
এই যুদ্ধজাহাজটি একবার সরবরাহ করা রসদে পাঁচ মাস সাগরে থাকতে পারবে। সাহান্দে হেলিকপ্টার নামার জন্য একটি ডেক, টর্পেডো লঞ্চার, বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী কামান, জাহাজ থেকে জলে বা স্থলে ও জাহাজ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম আছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানি নৌবাহিনীর যে শিপইয়ার্ডে যুদ্ধজাহাজটি তৈরি করা হয়েছে তার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা শেইখি বার্তা সংস্থা আইআরএনএকে বলেছেন, “ইরানি নৌবাহিনীর স্থানীয় প্রাযুক্তিক জ্ঞানের ওপর ভিত্তি করে করা নির্ভীক ও সৃজনশীল নকশার ফল এই জাহাজ, যা স্টিলথ্ সক্ষমতাসহ তৈরি করা হয়েছে।”
নিজেদের নৌসক্ষমতা বৃদ্ধির জন্য নতুন কর্মসূচী গ্রহণ করেছে ইরান। ওই কর্মসূচীর অধীনে ২০১০ সালে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডেস্ট্রয়ার নামিয়েছিল দেশটি। এর পূর্বে প্রধানত যুক্তরাষ্ট্রের তৈরি উপকরণে সজ্জিত ছিল ইরানের নৌবাহিনী; যেগুলো ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে সংগ্রহ করা হয়েছিল।
বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য অবরোধের মধ্যে থাকা ইরানের জন্য বহু ধরনের অস্ত্র কেনায় বিধিনিষেধ থাকায় দেশটি নিজস্ব উদ্যোগে বড় ধরনের অস্ত্র শিল্পখাত গড়ে তুলেছে।
