খাশুগজি হত্যায় সৌদি যোগ দেখেও দেখছে না যুক্তরাষ্ট্র: তুরস্ক
ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের ভূমিকা যুক্তরাষ্ট্র দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ করেছে তুরস্ক।
খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলের নিন্দার পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে মিত্রতার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “সৌদি আরব আমাদের একনিষ্ঠ মিত্র। যাই ঘটুক, আমাদের সম্পর্ক সৌদি আরবের সঙ্গে।”
তবে খাশুগজির খুনের বিষয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ‘পুরোপুরি জ্ঞাত’ থাকতে পারেন বলেও বিবৃতিতে ইঙ্গিত দেন তিনি। বলেন, “হয়ত তিনি জানেন বা হয়ত জানেন না।”
তার এ বক্তব্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। সিআইএ’র বিশ্বাস, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশুগজিকে হত্যা করা হয়েছে।
বিবিসি জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ানের দল এ কে পার্টির উপ প্রধান নুমান কুরতুলমুস ট্রাম্পের মঙ্গলবারের বিবৃতিকে ‘ভাঁড়ামি’ হিসেবে বর্ণনা করেছেন।
বুধবার তিনি বলেন, “সিআইএ’র মতো গোয়েন্দা সংস্থা যারা যুক্তরাষ্ট্রে সৌদি কনস্যুলেটের বাগানের চারপাশ দিয়ে হেঁটে যাওয়া বিড়ালের লোমের রঙ পর্যন্ত বলে দিতে পারে… তারা খাশুগজি খুনের নির্দেশদাতার নাম জানে না! এটা অসম্ভব। যুক্তরাষ্ট্রের জনগণ বা আন্তর্জাতিক বিশ্ব কেউই এ কথা বিশ্বাস করবে না।”
গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেট ভবনে খুন হন খাশুগজি। এই হত্যাকাণ্ডের জন্য ‘অসৎ গোয়েন্দাদের’ দায়ী করেছে সৌদি আরব । যদিও তাদের দাবি, ক্রাউন প্রিন্স এ খুনের পরিকল্পনার বিষয়ে কিছু জানতেন না।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানই ওই খুনের আদেশটি দিয়েছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র এমনই বিশ্বাস বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
খাশুগজি নিখোঁজ হওয়ার পর থেকেই তুরস্ক সৌদি কনসুলেটে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিল। এ হত্যা যুবরাজ মোহাম্মদের নির্দেশেই হয়েছে বলেও জোর দাবি তাদের।
তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এছাড়া, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লাড়াইয়েও রিয়াদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
