যুদ্ধাপরাধ: জার্মানিতে সাবেক এসএস রক্ষীর বিচার শুরু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি কনসেনট্রেশন ক্যাম্পে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যায় সহযোগিতার অভিযোগে জার্মানিতে ৯৪ বছর বয়স্ক এক ব্যক্তির বিচার শুরু হয়েছে।
হিটলারের আধাসামরিক এসএস বাহিনীর সাবেক ওই রক্ষীকে মঙ্গলবার হুইলচেয়ারে করে আদালতে নিয়ে আসা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তার বিরুদ্ধে ১৯৪২ থেকে ১৯৪৪ পর্যন্ত পোল্যান্ডের জিদানস্ক শহরের কাছে স্টুটথফ ক্যাম্পে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগ আনা হয়েছে। অসংখ্য ইহুদিসহ ওই ক্যাম্পে প্রায় ৬৫ হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে ধারণা ইতিহাসবিদদের।
আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত না হওয়ায় আইনি কারণে বৃদ্ধের নাম প্রকাশ করেনি জার্মান কর্তৃপক্ষ। দোষী প্রমাণিত হলে তার ১০ বছর পর্যন্ত সাজা হতে পারে।
জার্মানিতে নাজি যুদ্ধাপরাধ বিচারের প্রধান কৌসুলি আন্দ্রেস ব্রেন্ডেল মঙ্গলবার আদালতে জানান, অভিযুক্ত ব্যক্তি যে কনসেন্ট্রেশন ক্যাম্পের রক্ষী ছিলেন, সেখানে গ্যাস ছাড়াও নানা উপায়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল
“মানুষজনকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছিল; অনাহারে, ঠাণ্ডার মধ্যে ফেলে রাখা হয়েছিল, হত্যার এমন কোনো পদ্ধতিই সম্ভবত বাকি ছিল না, যা স্টুটথফে ব্যবহৃত হয়নি,” বলেন তিনি।
নাজি ওই ক্যাম্পে মানুষ হত্যায় বিষাক্ত জিকলন বি গ্যাস ব্যবহৃত হয়েছে বলেও উল্লেখ করা হয়। এসময় অভিযুক্ত নিচের দিকে তাকিয়ে ছিলেন।
“শয়তানের চেহারায় নিরপেক্ষতা থাকে না,” বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাদিদের অন্যতম আইনজীবী ক্রিস্টোফ রুকেল।
বিচারের পরের দিকে মামলা নিয়ে অভিযুক্ত ওই বৃদ্ধের ভাষ্য জানা যাবে।
ব্রেন্ডেল বলছেন, অভিযুক্তের বয়স হয়ে গেলেও মামলাটির ঐতিহাসিক গুরুত্ব কম নয়।
“ক্ষতিগ্রস্ত, তাদের পরিবার ও জীবিত বেঁচে ফেরাদের জন্য এটি গুরুত্বপূর্ণ,” বলেছেন তিনি।
এর আগে চলতি বছরের অগাস্টে ৯৫ বছর বয়সী ইয়াকিভ পালিকে জার্মানিতে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। পোল্যান্ডের ত্রাভনিকি লেবার ক্যাম্পে নিষ্ঠুর গণহত্যার সময় পালি সেখানে রক্ষী ছিলেন।
রয়টার্স লিখেছে, জার্মানি নাজি যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে দ্বৈত নীতি দেখিয়েছে বলে সমালোচনা রয়েছে।
সমালোচকরা বলেন, অনেক উচ্চপদস্থ নাজি সেনা কর্মকর্তাকে তারা বিচার প্রক্রিয়ার বাইরে রেখেছিল। শুধু মাঝারি ও নিচু পদের নাজিদের বিচার শুরু করা হয়েছিল, তাও কয়েক দশক পরে।
১৯৫০ ও ৬০ এর দশকে আন্তর্জাতিক একটি সামরিক ট্রাইবুনালে হারমান গোয়েরিং ও রুডলফ হেসের মত শীর্ষ নাজি নেতাদের বিচারের পর জার্মানির দিক থেকে এ বিষয়ে খুব বেশি পদক্ষেপ নেওয়া হয়নি।
২০০৮ সালের একটি গবেষণায় দেখা যায়, ১৯৪৫ থেকে ২০০৫ সালের মধ্যে তদন্তাধীন এক লাখ ৭০ হাজার সন্দেহভাজন নাজি অপরাধীর মধ্যে ৬৬৫৬ জনকে জার্মানির আদালত দোষী সাব্যস্ত করে।
ইউক্রেনীয় বংশোদ্ভূত নাজি যুদ্ধাপরাধী জন ডেমিয়ানুককে ২০০৯ সালে জার্মানিতে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। দুই বছর পর মিউনিখের আদালত ডেমিয়ানুককে সোবিবর ডেথ ক্যাম্পে হত্যাযজ্ঞে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত করে। পরের বছর মারা যান ডেমিয়ানুক, তখন তার বয়স ছিল ৯২ বছর।
