২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন কংগ্রেসে প্রথম ২ আদিবাসী নারী

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার কংগ্রেসের সদস্য হতে যাচ্ছেন আদিবাসী দুই আমেরিকান নারী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 01:25 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে জিতে কানসাসের শেরিস ডেভিডস ও নিউ মেক্সিকোর ডেবরা হাল্যান্ড এ ইতিহাস সৃষ্টি করেছেন।

আদিবাসী আমেরিকান এ দুই নারীই ডেমোক্রেট পার্টির প্রার্থী ছিলেন বলে জানিয়েছে বিবিসি।

সিএনএন বলছে, শেরিস আমেরিকার আদিবাসী হো-চাঙ্ক জাতির সদস্য, আর ডেবরা এসেছেন পুয়েবলো অব লাগুনা থেকে।

তাদের আসন দুটিতে ডেমোক্রেটরা বিজয়ী হবে আগেই এমন ধারণা করা হচ্ছিল।

এর মধ্যে কানসাসের ভোটাররা সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটদের দিকে ঝুঁকেছেন; নিউ মেক্সিকোর আসনটি আগে থেকেই ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

নিউ মেক্সিকোর ডেবরা জুন মাসে অনুষ্ঠিত পার্টির প্রাথী বাছাই ভোটাভুটিতে জিতে ডেমোক্রেট পার্টির টিকেট পান। মঙ্গলবারের নির্বাচনে তিনি রিপাবলিকান জেনিস আর্নল্ড জোনসের মুখোমুখি হয়েছিলেন। 

অপরদিকে কানসাসে আইনজীবী ও মিক্সড মার্শাল আর্ট খেলোয়াড় শেরিস লড়াই করেছেন রিপাবলিকান সাবেক কংগ্রেস সদস্য কেভিন ইয়োদেরের বিরুদ্ধে।

আদিবাসী এ আমেরিকান কানসাস থেকে কংগ্রেসে যাওয়া প্রথম সমকামী প্রতিনিধি বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

এবারের নির্বাচনে জিতে প্রথমবারের মতো দুই মুসলিম নারীও কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য হয়েছেন।

আদিবাসী ও মুসলমান নারীদের এ জয়কে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অশনিসঙ্কেত হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। এবারের মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের জন্য পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছিল, যে পরীক্ষার ফলাফল তার জন্য তিক্ত হয়ে দেখা দিবে বলে ধারণা বিশ্লেষকদের।