সিনাগগে হামলায় ‘হৃদয় ভেঙেছে’ ইসরায়েলি প্রধানমন্ত্রীর
যুক্তরাষ্ট্রের পেনসালভ্যানিয়ায় সিনাগগে বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনায় তার ‘হৃদয় ভেঙেছে’ ও তিনি ‘হতভম্ব’ হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকালে পিটসবার্গের সিনাগগে প্রার্থনারত ইহুদিদের ওপর শ্বেতকায় বন্দুকধারীর হামলায় অন্তত ১১ জন নিহত ও পুলিশসহ ৬জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ঘটনায় সহমর্মিতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন,“মৃতদের পরিবারের পাশাপাশি ইসরায়েলের সব জনগণও শোকার্ত। আমরা পিটার্সবার্গের ইহুদি সম্প্রদায়ের পাশে আছি, পাশে আছি মার্কিন জনগণেরও, যারা এ ঘৃণ্য এন্টি-সেমিটিক নির্মমতার মুখোমুখি হয়েছে। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আমরা প্রার্থনা করছি।”
সিনাগগে ঢুকে প্রার্থনারতদের দিকে গুলি চালানোর আগে ৪৬ বছর বয়সী বন্দুকধারী চিৎকার করে ‘সব ইহুদিরই মরা দরকার’ বলেছিল, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমগুলো।
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর রবার্ট বাওয়ার্স নামের ওই বন্দুকধারীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সহিংসতা, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগ ও যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আইন লংঘনসহ মোট ২৯টি অভিযোগ আনা হয়েছে।
হামলার শিকার ইহুদি সম্প্রদায়ের প্রতি সমর্থন জানাতে শনিবারই পিটসবার্গে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী নাফতালি বেনেত।
“ইসরায়েল রাষ্ট্র নিষ্ঠুর এ এন্টি-সেমিটিক হামলায় গভীরভাবে বেদনার্ত। আমাদের ইহুদি ভাই-বোনরা এ হত্যাযজ্ঞের শিকার হলেন, যখন তারা প্রার্থনা করছিলেন। যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের হৃদয়ের অর্ঘ্য থাকল, আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেজন্যও আমরা প্রার্থনা করছি। প্রার্থনা করছি, এটাই যেন এ ধরনের শেষ ঘটনা হয়,” বিবৃতিতে বলেন বেনেত।
