২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসের সঙ্গে সংঘর্ষে মার্কিনপন্থি ১৪ সিরীয় বিদ্রোহী নিহত

সিরিয়ায় ইউফ্রেতিস নদীর পূর্ব দিকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এর ১৪ যোদ্ধা নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 03:52 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

শনিবার এসডিএফের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে মুখপাত্র কিনো জিবরাইল বলেছেন, “দায়েশের সন্ত্রাসীরা পাল্টা হামলা চালানো অব্যাহত রেখেছে, তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিচ্ছে। তাদের সঙ্গে তীব্র সংঘর্ষে আমাদের ১৪ যোদ্ধা শহীদ হয়েছেন।”

আরবীতে ইসলামিক স্টেটের সংক্ষিপ্ত নাম দায়েশ।

শুক্রবার থেকে শুরু হওয়া ওই সংঘর্ষে এসডিএফের আরও বেশ কয়েকজন যোদ্ধা আহত হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত লড়াই অব্যাহত ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।

আইএসের হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীগুলো এসডিএফকে সহায়তা করেছে এবং এতে আইএসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। 

কুর্দি মিলিশিয়াদের নেতৃত্বাধীন এসডিএফ সিরিয়ার স্থলযুদ্ধে যুক্তরাষ্ট্র ও এর জোট অংশীদারদের প্রধান মিত্র। গত দুই বছরে আইএসকে তাদের স্বঘোষিত খিলাফতের প্রায় সব শহর ও নগর থেকে হটিয়ে দিতে এসডিএফ সহায়তা করেছে। 

এই বাহিনীটি এখন উত্তর ও পূর্ব সিরিয়ার বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অংশের পর সিরিয়ার সবচেয়ে বেশি এলাকা এই বাহিনীটির নিয়ন্ত্রণে রয়েছে। বাহিনীটি অধিকাংশ সময়ই সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে সরাসরি লড়াই এড়িয়ে গেছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিবেদনে আইএসের সঙ্গে সংঘর্ষে উচ্চপদস্থ কর্মকর্তাসহ এসডিএফের ৬৮ যোদ্ধা নিহত হয়েছে বলে জানানো হয়েছে। সংঘর্ষে এসডিএফের আরও শতাধিক যোদ্ধা আহত হয়েছে বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সেসের প্রায় দুই হাজার সেনা সিরিয়ার যুদ্ধক্ষেত্রে আছে বলে ধারণা করা হয়, সেখানে এসডিএফকে সহযোগিতা করছে তারা।