যুক্তরাষ্ট্রে ডাকযোগে বোমা, ফ্লোরিডায় গ্রেপ্তার ১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের টার্গেট করে ডাকযোগে একের পর এক পাইপ বোমা পাঠানোয় জড়িত সন্দেহে ফ্লোরিডায় ৫৬ বছর বয়সের এ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মার্কিন কর্মকর্তারা ওই ব্যক্তির নাম সেজার সায়ক বলে জানিয়েছেন। আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানিয়েছেন তারা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অভিনেতা রবার্ট ডি নিরোর মত এরকম ১২ জন বিশিষ্ট ব্যক্তির কাছে ডাকযোগে পাইপ বোমা এসেছে। সবশেষে একই ধরনের পার্সেল আসে শুক্রবার ফ্লোরিডা এবং নিউ ইয়র্ক সিটি তে।
যুক্তরাষ্ট্রে নভেম্বরের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ তুঙ্গে থাকার সময়টিতে এ বোমা পাঠানোর ঘটনা ঘটল। এফবিআই ফ্লোরিডার ডাকঘরে ক্লু পাওয়ার জন্য তল্লাশি চালাচ্ছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে ফ্লোরিডার প্ল্যানটেশন শহরের অটো পার্টসের একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এ ব্যক্তিই বোমা পাঠানোর হোতা বলে মনে করা হচ্ছে এবং ডিএনএ দিয়ে তাকে খুঁজে বের করা হয়েছে।
গত সোমবার ধনকুবের জর্জ সোরোসের বাড়িতে প্রথম ডাকযোগে পাইপ বোমা পাঠানো হয়েছিল বলে খবর দিয়েছিল পুলিশ।
ইন্টারনেটে দেখে ওই বোমাগুলো বানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান পুলিশের এক কর্মকর্তা।
তদন্তকারীদের বিশ্বাস, সবগুলো বোমাই ডাকযোগে পাঠানো হয়েছে। সেগুলো প্রাপকের কাছে পৌঁছানোর আগেই সনাক্ত করা সম্ভব হয়েছে, কোনোটিই বিস্ফোরিত হয়নি।
মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমক্র্যাটিক নেতা এবং ট্রাম্পের সমালোচকদের ঠিকানায় বোমা পাঠানোর ঘটনা স্বাভাবিকভাবেই রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে।
