২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ভিড়ের মধ্যে উড়োজাহাজ, নিহত ৩

জার্মানিতে বিমানবন্দরে নামার সময় একটি উড়োজাহাজ রানওয়ের বাইরের বেড়া ভেঙে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় তিন জনের প্রাণ গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2018, 10:13 AM

Updated : 08 Apr 2022, 07:10 PM

রোববার দেশটির হেসে রাজ্যের ফুলদা শহরের কাছে ভাস্সাকুপা পর্বতের একটি বিমানক্ষেত্রে এ ঘটনা ঘটে বলে খবর বিবিসির।

এক ইঞ্জিনের সেসনা উড়োজাহাজটি নামার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের উপর দিকে উঠার চেষ্টার সময় বিমানবন্দরের একটি বেড়ায় গিয়ে ধাক্কা দেয়। তাতে ওই বেড়া ভেঙে রাস্তায় দাঁড়িয়ে থাকা একদল লোকের ওপর পড়ে।

জার্মানির পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন উড়োজাহাজের চার আরোহীসহ পাঁচজন।

নিহত বালকটির বয়স ১০ বছর হতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। 

উড়োজাহাজের ৫৬ বছর বয়সী পাইলট ও তিন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয়।

দুর্ঘটনার সময় ওই এলাকার আবহাওয়া ভালো ছিল। উড়োজাহাজটি কেন দুর্ঘটনায় পড়ল তা জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।