২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছোট’ ভূমিকম্পে ঘরবাড়ি ছেড়ে ‘বড়’ ভূমিকম্প থেকে রক্ষা

তিন ঘন্টা আগে অপেক্ষাকৃত ছোট আরেকটি ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে যাওয়ায় সুলাওয়েসি দ্বীপের ভয়াবহ ভূমিকম্পের উপকেন্দ্র এলাকার অনেক গ্রামবাসীই মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 08:40 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

২৮ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে হওয়া ৭ দশমিক ৫ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামির তাণ্ডবে ইন্দোনেশিয়ার এই দ্বীপটিতে নিহতের সংখ্যা ১,৬০০ ছাড়িয়ে গেছে বলে শনিবার জানিয়েছে রয়টার্স।

জোড়া এই প্রাকৃতিক দুর্যোগে সুলাওয়েসির পালু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। পালু থেকে ৭৪ কিলোমিটার উত্তরে উপকূলীয় সিরেনজা জেলায় ভয়াবহ এ ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল। এই এলাকায় পৌঁছানোর একমাত্র সড়কটি ভূমিকম্পের সময় ভূমিধসে চাপা পড়ায় প্রায় এক সপ্তাহ যাবৎ এলাকাটি বিচ্ছিন্ন ছিল।

এখন ওই সড়কটি আবার চলাচলের উপযোগী করা হয়েছে এবং জেলাটির কয়েকটি গ্রামে ত্রাণ পাঠানো শুরু হয়েছে। যোগাযোগ শুরু হওয়ার পর এলাকাটির পরিস্থিতি নিয়ে উদ্ধারকারীদের মধ্যে যে শঙ্কা ছিল তা দূর হয়েছে।

ভয়াবহ ভূমিকম্পে এই এলাকাটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, কিন্তু অধিকাংশ মানুষই প্রাণে বেঁচে গেছেন; ভয়াবহ ভূমিকম্পের তিন ঘন্টা আগে আরেকটি ‍শক্তিশালী ভূমিকম্প এদের বাঁচিয়ে দিয়েছে। 

সিরেনজার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে ৬ দশমিক ১ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল। তিন ঘন্টা আগের এই ভূমিকম্পটির সঙ্গে সঙ্গেই এলাকাটির অধিকাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে গিয়েছিল, তারপর দীর্ঘ সময় খোলা জায়গায় থাকার কারণেই তারা বেঁচে যান।

সিরেনজা জেলার লেন্দে টোভেয়া গ্রামের প্রধান রহমান লাকুয়াসি বলেন, “ভাগ্যক্রমে অধিকাংশ লোকই তখন বাইরে ছিল। প্রথম ভূমিকম্পটি হওয়ার পর প্রায় সবাই দৌঁড়ে বাইরে বের হয়ে আসে, মাত্র কয়েকজন ঘরে ফেরার মতো সাহস সঞ্চয় করতে পেরেছিল।”

ভয়াবহ ভূমিকম্পের উপকেন্দ্র সিরেনজা ও এর আশপাশের জেলাগুলোর হতাহতের সংখ্যার হিসাব এখনও কর্তৃপক্ষের জানা নেই, কিন্তু লাকুয়াসির হিসাবে এই এলাকাগুলোতে নিহতের সংখ্যা কয়েক ডজন হবে। 

ভূমিকম্পের উপকেন্দ্রে প্রাণহানি কম হলেও ৭৪ কিলোমিটার দূরের পালুতে ব্যাপক প্রাণহানি হয়েছে। ভূমিকম্প ও সুনামিতে শহরটির হোটেল, মার্কেটসহ অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

ভূমিকম্পের সময় ‍লিকুয়িফাকশন হয়ে উথালপাথাল ঢেউসহ ভূমি প্যাঁচপেঁচে জমিতে রূপান্তরিত হয়েছে। এতে পালু ও এর আশপাশে অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ে শত শত লোক প্রাণ হারিয়েছে।

কিন্তু ভূমিকম্পের উপকেন্দ্র এলাকায় এ বিষয়টি ঘটেনি। ঘরবাড়ি ছেড়ে গ্রামবাসী উপকূলের পূর্ব দিকের পাহাড়গুলোতে চলে গেলেও ছোট এই জেলে পল্লীগুলোতে সুনামি আঘাত হানেনি। তবে ভূমিকম্পে জেলাটির বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো উপড়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রায় অর্ধেকেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

যেসব বাড়ি দাঁড়িয়ে আছে সেগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন লাকুয়াসি। এগুলোর অধিকাংশই ভেঙে আবার বানাতে হবে বলে জানিয়েছেন তিনি।

লোকজন ভূমিকম্পের পরের সপ্তাহটি কৃষিজমিতে, ফলের বাগানে ও পাহাড়ি বনভূমিতে খাবারের সন্ধান করে বেঁচে থেকেছে।

এখানে গৃহহারা হাজার হাজার লোক তাঁবুতে ও অস্থায়ীভাবে তৈরি করা আশ্রয়ে রাতযাপন করছে। ভূমিকম্পের পর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও হেলিকপ্টার যোগে কিছু ত্রাণ সরবরাহ করা হয়েছে।

“আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাঁবু ও ওষুধ,” বলেছেন লাকুয়াসি। শিশুরা ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে এবং জ্বালানি সরবরাহ প্রয়োজনের তুলনায় খুব কম বলে জানিয়েছেন তিনি।

গ্রামবাসীরা জানিয়েছেন, এখানে পালুর মতো লুটপাটের কোনো ঘটনা ঘটেনি, কারণ এখানে বড় কোনো গুদাম নেই আর গ্রামের নেতারা স্বেচ্ছাসেবকদের সহায়তায় পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন।