সিএনএন প্রধানকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরের মত এবারও প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সিএনএন এর ওপর চড়াও হয়েছেন।
বৃহস্পতিবার সকালে টুইটারে ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রেসিডেন্ট জেফ জুকারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। বলেছেন, ‘তাকে বরখাস্ত করা উচিত।’
অভিযোগ করে ট্রাম্প বলেন, “আমার প্রতি সিএনএন এর ঘৃণা এবং চরম পক্ষপাতের কারণে এ সংবাদ প্রতিষ্ঠানটি ঠিকমত কাজই করতে পারছে না।”
জুকার সম্প্রতি হার্ট সার্জারির কারণে সিএনএন থেকে ছয় সপ্তাহের ছুটিতে আছেন। তাকে নিয়ে ট্রাম্পের এ বক্তব্যের ব্যাপারে টেলিযোগাযোগ কোম্পানি কোনো মন্তব্য করেনি।
সিএনএনও ট্রাম্পের টুইট নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এ টুইটের জবাবে সিএনএন টুইট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে বিবিসি’কে। সেখানে সিএনএন তাদের রেটিংয়েরও পরিসংখ্যান তুলে ধরে বলেছে, এ মাসে তাদের দর্শক সংখ্যা ৭০৭,০০০। অগাস্টে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং।
বৃহস্পতিবারের টুইটে ট্রাম্প কেবল সিএনএন’ই নয় এনবিসি নিউজেরও সমালোচনা করেছেন। এনবিসি চেয়ারম্যান অ্যান্ডি ল্যাকের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, ‘তাকে বরখাস্ত করাটারও ভাল হবে।’
