২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর সঙ্গে ‘সত্যিই ভালো চুক্তি’হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) সংস্কারে রাজি হওয়ার পর একে উভয় দেশের জন্যই ‘সত্যিকারের ভালো চুক্তি’ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Aug 2018, 09:01 PM

Updated : 08 Apr 2022, 06:55 PM

সোমবার নাফটা চুক্তি সংশোধনে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর একমত হওয়ার ঘোষণা দেওয়া হয়।যদিও চুক্তির অন্য সদস্য কানাডা এখনো সংশোধন প্রস্তাবে রাজি হয়নি। মঙ্গলবার দেশটি সংশোধন প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চেয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ট্রাম্প বরাবরই বর্তমান ‍নাফটা চুক্তির সমালোচনা করে তা সংস্কারের দাবি করে আসছিলেন। গত এক বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার হুমকিও দিচ্ছিলেন।

১৯৯৪ সালে নাফটা চুক্তি হয়। ট্রাম্পে অভিযোগ,এ চুক্তির কারণে আমেরিকানরা উৎপাদন ক্ষেত্রে বিশেষ করে গাড়ি উৎপাদন শিল্পে চাকরির সুযোগ হারিয়েছে।

সোমবার মেক্সিকোর সঙ্গে ট্রাম্পের প্রাথমিক ওই চুক্তির খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের শেয়ারের দাম বেড়েছে এবং মেক্সিকোর মুদ্রা পেসো শক্তিশালী হয়েছে।

ট্রাম্প কি বলেছেন?

সোমবার ট্রাম্প বলেন, যু্ক্তরাষ্ট্র ও মেক্সিকো নাফটা চুক্তি সংস্কারে রাজি হয়েছে। এতে চুক্তিটি ‘আরও গ্রহণযোগ্য’ হয়ে উঠবে। গত বছর থেকে নাফটা চুক্তি সংশোধন নিয়ে তিন সদস্য দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। তবে গত পাঁচ সপ্তাহ ধরে কানাডা ওই আলোচনায় অংশ নিচ্ছে না বলে জানায় বিবিসি।

এ বিষয়ে ট্রাম্প বলেন, “কানাডাকে চুক্তিতে রাখা বা না রাখার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা তা দেখছি। অথবা শুধু কানাডার সঙ্গে আলাদা চুক্তি হতে পারে।”

কানাডা যদি বিরোধের চেষ্টা করে তবে দেশটির গাড়ি রপ্তানিতে শুল্কারোপের হুমকিও দিয়েছেন তিনি।

এমনকি ‘নাফটা’ নাম নিয়েও তার আপত্তি আছে। তিনি বলেন, এটি ‘খারাপ নামকরণ’ হয়েছে।

কানাডার অবস্থান কি?

সোমবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি সংস্কারে একমত হওয়ার খবর প্রকাশের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে ট্রুডোর ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।

এ বিষয়ে কথা বলতে মঙ্গলবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ওয়াশিংটন যাবেন বলেও ধারণা করা হচ্ছে।

এখনই কেন?

মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ডিসেম্বরে ক্ষমতা গ্রহণ করবেন। মেক্সিকোর জ্বালানি খাত উন্মুক্ত করে দেওয়ার নীতি নিয়ে বর্তমান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে তার মত বিরোধ আছে।

ফলে ওব্রাডোর ক্ষমতা গ্রহণের পর ত্রিদেশীয় এই চুক্তি সংস্কার নিয়ে নতুন করে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, ট্রাম্প প্রশাসনকে সংশোধিত নাফটা চুক্তি অবশ্যই কংগ্রেসে উপস্থাপন করতে হবে এবং অনুমতি নিতে হবে। এজন্য অন্তত ৯০ দিন সময় লাগবে। অর্থাৎ এই শুক্রবারের মধ্যেই কংগ্রেসে সংশোধিত নাফটা চুক্তি উপস্থাপন করতে হবে।

যদিও ওব্রাডোর মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বি-পক্ষীয় চুক্তি নাফটা চুক্তি সংস্কারের প্রথম পদক্ষেপ মাত্র।

সোমবার তিনি বলেন,“আমরা তৃদেশীয় এই চুক্তি নিয়ে খুবই আগ্রহী। এ চুক্তি যে কারণে হয়েছিল নতুন মুক্ত বাণিজ্য চুক্তিতে সেটির অস্তিত্ব অবশ্যই থাকতে হবে।”

নাফটা চুক্তির অধীনে প্রতিবছর প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়।