২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে মুসলমানদের ওপর হামলা কমেছে

জার্মানিতে এ বছর মসজিদ ও মুসলিমদের ওপর হামলার ঘটনা কমেছে৷ তবে সমাজে মুসলমানদের আত্মীকরণে ব্যর্থতার বিষয়ে সতর্ক করেছেন পার্লামেন্ট সদস্যরা৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>> ডয়চে ভেলে বাংলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2018, 11:16 AM

Updated : 19 Aug 2022, 02:30 PM

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের প্রথম ছয় মাসে মসজিদ, ইসলাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মুসলমানদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা ঘটেছে ৩২০টি৷ ২০১৭ সালের একই সময়ে এ ধরনের ঘটনা ঘটেছিল প্রায় ৫০০৷

এসব ঘটনার মধ্যে মৌখিক ও শারীরিক আক্রমণ থেকে শুরু করে চিঠি পাঠিয়ে হুমকি ও সম্পদ বিনষ্টের মতো বিষয় রয়েছে৷

মুসলমানদের ওপর হামলা নিয়ে সরকারি এই তথ্য উঠে এসেছে পার্লামেন্টে প্রশ্নোত্তরে৷ ডানপন্থি উগ্রবাদীরাই এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে নয়ে অসনাব্র্যুকার সাইটুং পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে৷

জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের লেফট পার্টির সদস্য উলা ইয়েলপকে বলেন, হামলার সংখ্যা কমাটা উন্নতির লক্ষণ হলেও তাতে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই৷

“মুসলিমদের নিয়ে সামাজিক সংহতি এখনো হয়নি৷ যারা মুসলমানদের বিদেশি বলে, তারা আস্থাহীনতা তৈরির পাশাপাশি এ ধরনের অপরাধ উসকে দিচ্ছে৷”

এ বছর মুসলিমবিরেধী হামলার সংখ্যা কমলেও বেড়েছে জখমের সংখ্যা৷ ২০১৭ সালে এ ধরনের যেখানে ১৮ জন আহত হয়েছিলেন, সেখানে ২০১৮ সালের প্রথম ছয় মাসে আহত হয়েছেন ২৫ জন৷

গত বছর জার্মানিতে মুসলমান ও মুসলমানদের প্রতিষ্ঠানগুলোতে সব মিলিয়ে ৯৫০টির বেশি হামলার ঘটনা ঘটে৷