২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে নির্বাচনে এমনানগাগোয়ার জয় নিশ্চিত করল আদালত

জিম্বাবুয়েতে জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়ার জয় নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটিয়ে তার জয় নিশ্চিত করেছে সাংবিধানিক আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 10:41 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

নির্বাচনে এমনানগাগোয়ার জয়ের পর ব্যাপক ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল বিরোধী এমডিসি এলায়েন্স। এতে করে আটকে গিয়েছিল তার শপথ অনুষ্ঠান।

এখন আদালত এমনানগাগোয়ার পক্ষে রায় দেওয়ায় সে বাধা দূর হয়েছে। রোববারই তিনি শপথ নিতে পারবেন।

আদালতের ৯ বিচারকের বেঞ্চের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি লুক মালাবা বলেছেন, বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা নেলসন চামিসা প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। ফলে, ২০১৮ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এমারসন এমনানগাগোয়াই।

প্রায় চার দশক ক্ষমতার কেন্দ্রে থাকা রবার্ট মুগাবেকে উৎখাতের পর জুলাইয়েই প্রথম সাধারণ নির্বাচনে ভোট দেয় জিম্বাবুয়ে। নতুন প্রেসিডেন্ট, সংসদ এবং স্থানীয় কাউন্সিলর নির্বাচন করার জন্য ভোট দেয় জনগণ।

কিন্তু নির্বাচনের দুইদিন পরই এর ফল মেনে না নিয়ে এমডিসি এলায়েন্সের সমর্থকরা বিক্ষোভ শুরু করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

সাংবিধানিক আদালত রায় ঘোষণার আগেও রাজধানী হারারেতে আদালতকক্ষের চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনি ছিল।