২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় গাড়ি পার্কিংয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৫

ক্যালিফোর্নিয়ার সান্তা আনা শহরের একটি শপিং সেন্টারের গাড়ি পার্কিং এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 03:20 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

রোববারের এ ঘটনায় নিহতরা সবাই বিমানটির আরোহী এবং এতে ওই গাড়ি পার্কিং এলাকায় কেউ আঘাত পায়নি বলে অরেঞ্জ কাউন্টির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে; খবর বিবিসির।

দুই ইঞ্জিনের সেসনা বিমানটির নিকটবর্তী জন ওয়েন বিমানবন্দরে নামার কথা ছিল, কিন্তু বিমানবন্দরে যাওয়ার আগেই প্রায় দেড় কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলট জরুরি পরিস্থিতির ঘোষণা দিয়েছিলেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা বের করতে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বিমানটি পার্কিং এলাকায় রাখা একটি লাল গাড়ির ওপর পড়ার পর স্থানীয় সময় ১২টা ২৮ মিনিটে দমকল কর্তৃপক্ষকে ফোন দেওয়া হয়। ঘটনার সময় ওই লাল গাড়ির মালিক শপিং সেন্টারটির একটি দোকানের ভিতরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিমানটিকে গোত্তা খেয়ে নাক বরাবর লাল গাড়িটির ওপর পড়তে দেখেছেন।

“বিমানটিকে টুকরা টুকরা হয়ে যেতে দেখাটা খুব হৃদয়বিদারক ছিল,” লস অ্যাঞ্জেলস টাইমসকে বলেছেন এক প্রত্যক্ষদর্শী।