কয়েক ঘন্টার ব্যবধানে সুইস আল্পসে দুটি বিমান বিধ্বস্ত
ইউরোপের আল্পস পবর্তমালার সুইজারল্যান্ডের অংশে একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে।
শনিবারের এ দুটি ঘটনায় দুই বিমানের ২৩ আরোহী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
শনিবার সকালে দেশটির নিডভালডেন প্রদেশের রেং গিরিপথ এলাকার বনভূমির একটি অগম্য স্থানে ছোট একটি বিমান বিধ্বস্ত হলে এক পরিবারের বাবা-মা ও তাদের দুই সন্তান নিহত হন।
এর কয়েক ঘন্টা পর স্থানীয় এয়ারলাইন জেইউ-এয়ারের একটি ছোট বিমান আল্পস পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। দ্বিতীয় এই বিমান বিধ্বস্তের ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।
জেইউ-এয়ার জানিয়েছে, তাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। ১৭টি আসনের পাশাপাশি দুজন পাইলট বিমানটি পরিচালনা করে থাকেন।
কিন্তু বিধ্বস্ত বিমানটিতে কতোজন আরোহী ছিল তা পরিষ্কার হয়নি।
এয়ারলাইনটি নিজেদের ওয়েবসাইটে বলেছে, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ আমাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মূহুর্তে আমাদের কাছে আর কোনো তথ্য নেই।”
টুইটারে সুইস পুলিশ জানিয়েছে, গাবানডেন প্রদেশের পিজ সিগনাস পর্বতের পশ্চিম পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে, ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঁচটি হেলিকপ্টার ও বড় একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
দেশটির বেসামরিক বিমান পরিবহন সংস্থার ফেডারেল দপ্তর ঘটনাস্থলের উপরের আকাশপথটি বন্ধ করে দিয়েছে।
আকাশপথটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৪৫০ মিটার (৮,০৩৮ ফুট) উঁচুতে।
বিমানটির সব যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র ব্লিক।
ঘটনার বিষয়ে শনিবার রাতে এয়ারলাইন বা পুলিশ, কারও সঙ্গেই যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে রোববার সকালে ঘটনার বিষয়ে আরও তথ্য দেওয়া হবে বলে টুইটারে জানিয়েছে পুলিশ।
বিমান বিধ্বস্তের ঘটনা দুটির কারণ বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
