জিম্বাবুয়ের নির্বাচনে ক্ষমতাসীনদের জয়
রবার্ট মুগাবে যুগের অবসানের পর জিম্বাবুয়েতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আংশিক ফলে ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি জয়ী হয়েছে।
প্রায় চার দশক পর গত সোমবার মুগাবেবিহীন নির্বাচনে ভোট দিয়েছে জিম্বাবুয়ের জনগণ।
জিম্বাবুয়ের নির্বাচন কমিশন বুধবার জানায়, ১১০ আসন পেয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে জানু-পিএফ পার্টি। বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) এলায়েন্স ৪১টি আসন পেয়েছে। তবে এখনো ৫৮টি আসনের ফল ঘোষণা বাকি।
এ পর্যন্ত ঘোষিত ফলে ক্ষমতাসীন দলের জয়ের পর ভোট ডাকাতির অভিযোগ করেছে প্রধান বিরোধী দল।
নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া এবং প্রধান বিরোধী নেতা নেলসন চামিসা । ভোটের ফল আসার আগে দুই প্রার্থীই নিজ নিজ জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন।
জিম্বাবুয়েবাসী এবার নতুন প্রেসিডেন্ট, সংসদ এবং স্থানীয় কাউন্সিলর নির্বাচন করার জন্য ভোট দিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে বুধবারেই।
