২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান গোয়েন্দা গাড়িবহরে আত্মঘাতী হামলা, নিহত ৬

আফগানিস্তানে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) এর একটি গাড়িবহরে আত্মঘাতী হামলায় অন্তত ৬ জন নিহত এবং আরো ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Jul 2018, 05:55 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

কাবুলের পঞ্চম পুলিশ ডিস্ট্রিক্টে ভোর ৫ টার দিকে এ হামলা হয়। এনডিএস গাড়িবহর এলাকাটি পার হওয়ার সময় এক তালেবান আত্মঘাতী জঙ্গি তার গাড়িতে লুকানো বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় বলে জানান পুলিশের মুখপাত্র হাসমাত স্টানকজাই।

প্রাথমিক তথ্যানুসারে, এনডিএস এর চার কর্মকর্তা এবং এক বেসামরিক নাগরিক হামলায় নিহত হয়েছে। আহত হয়েছে ৫ গোয়েন্দা কর্মকর্তা এবং এক বেসামরিক নাগরিকসহ আরো ছয়জন। হামলাকারী নিহত হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬ জনে।

তালেবান জঙ্গিরা তাদের মুখপাত্র জাবিহুল্লাহ ‍মুজাহিদের বরাত দিয়ে হামলার দায় স্বীকার করেছে। গাড়িবহরটি হামলার লক্ষ্য ছিল এবং হামলাকারীর নাম আহমেদ গাজনবী বলে জানিয়েছে তারা।

এই গোয়েন্দা দলটি কাছাকাছি ময়দান ওয়ারডাক এবং লোগার প্রদেশে তালেবানের বিরুদ্ধে রাতে তল্লাশি অভিযানে নিয়োজিত ছিল বলে মুজাহিদ অভিযোগ করেন।