২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-কোহেন ‘স্পর্শকাতর কথোপকথনের’ অডিও ফাঁস

প্লেবয় মডেল কারেন ম্যাকডোগালের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ধামাচাপা দিতে খরচ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প ও তার আইনজীবী মাইকেল কোহেনের কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস করেছে সিএনএন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 04:59 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাস আগের ওই কথোপকথনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও তার তখনকার আইনজীবী কোহেন ন্যাশনাল এনকোয়ারার ট্যাবলয়েডকে দেওয়া ম্যাকডোগালের কাহিনী স্বত্ব কিনে নেওয়ার বিষয়ে আলোচনা করছিলেন বলে জানিয়েছে বিবিসি।

ফাঁস হওয়া এ অডিও টেপে ট্রাম্পের অপরাধের প্রমাণ মেলেনি বলে মন্তব্য করেছেন তার এখনকার আইনজীবী রুডি জুলিয়ানি।

প্লেবয় মডেলকে কোনো অর্থ দেয়া হয়নি বলেও দাবি তার।

সিএনএনের ‘ক্যুমো প্রাইম টাইম’ অনুষ্ঠানে প্রচারিত ওই অডিও টেপে ট্রাম্পকে তার আইনজীবীর সঙ্গে ম্যাকডোগালের মুখ বন্ধ রাখার উপায় নিয়ে কথা বলতে শোনা গেছে বলে ভাষ্য বিবিসির।

চলতি বছরের শুরুতে নিউ ইয়র্কে কোহেনের কার্যালয়ে তল্লাশির চালিয়ে এফবিআই ওই টেপটি পায় বলে ধারণা করা হচ্ছে।  

অডিও টেপটির অনেক অংশই বেশ অস্পষ্ট, কিছু কিছু জায়গায় অন্যের কণ্ঠও শোনা গেছে। কোথাও কোথাও অডিও মুছে ফেলা হয়েছে বলেও মনে হচ্ছে।

ওই টেপের কথোপকথনের এক পর্যায়ে কোহেনকে ‘আমাদের বন্ধু সম্বন্ধিত সব তথ্য স্থানান্তরের জন্য একটি কোম্পানি খুলতে হবে, ডেভিড’ বলতে শোনা গেছে।

উল্লেখিত ব্যক্তি ন্যাশনাল এনকোয়ারারের অভিভাবক প্রতিষ্ঠান আমেরিকান মিডিয়া ইনকরপোরেশনের চেয়ারম্যান ডেভিড প্যাকার বলেই মনে করছে মার্কিন গণমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ই ট্যাবলয়েড ন্যাশনাল এনকোয়ারকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কাহিনী জানিয়েছিলেন কারেন ম্যাকডোগাল।

ওই কাহিনীর স্বত্ব কিনতেই কোহেন ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডেভিডের কথা তোলেন বলে ধারণা করা হচ্ছে।

আলাপচারিতায় ট্রাম্পকে ‘তাহলে আমাদের কি পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে? ওয়ান ফিফটি?’ বলতেও শোনা যায়।

ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কাহিনীর জন্য ম্যাকডোগালকে এনকোয়ারারের পক্ষ থেকে দেড় লাখ ডলার দেওয়া হয় বলে পরে জানিয়েছিল মার্কিন গণমাধ্যমগুলো। চুক্তি অনুযায়ী ওই বিষয়ে জনসম্মুখে কথা বলতে ম্যাকডোগালকে নিষেধও করে এনকোয়ারার।

মার্কিন এ ট্যাবলয়েড যদিও কখনোই কাহিনীটি প্রকাশ করেনি। ম্যাকডোগাল এজন্য এনকোয়ারারের বিরুদ্ধে প্রতারণারও অভিযোগ করেছেন।

ফাঁস হওয়া টেপটির অন্য এক জায়গায় কোহেন অর্থায়নের প্রসঙ্গ তুললে ট্রাম্প ‘কিসের অর্থায়ন?’ তা জানতে চান।

উত্তরে রিপাবলিকান প্রার্থীর আইনজীবী বলেন, “আমাদের পরিশোধ করতে হবে।”

‘নগদে দিতে হবে’ ট্রাম্পের কণ্ঠে এমনটা শোনা গেলেও তিনি কি নগদ নাকি অন্য উপায়ে অর্থ দেওয়ার বিষয়টি বলেছিলেন অস্পষ্ট অডিওর কারণে তা বোঝা সম্ভব হয়নি।

ট্রাম্পের ওই কথার প্রত্যুত্তরে অবশ্য কোহেনকে স্পষ্ট ভাষায় ‘না, না’ বলতে শোনা গেছে।

ট্রাম্প এরপর ‘চেক’ কথাটা উল্লেখ করেছিলেন বলেও অডিও টেপের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

এ কথোপকথনে ট্রাম্প নির্বাচনী প্রচারের অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করেছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে মার্কিন বিচারবিভাগ।

বিবিসি বলছে, অর্থ পরিশোধের ব্যাপারে ট্রাম্প কোনো ইঙ্গিত বা নির্দেশ দিয়েছিলেন কিনা ফাঁস হওয়া টেপে তার প্রমাণ না মিললেও ম্যাকডোগালের কাহিনী স্বত্ব কেনার বিষয়টি যে মার্কিন প্রেসিডেন্ট অবগত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সাবেক প্লেবয় মডেলের দাবি, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে দশ মাসের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। মেলানিয়া ট্রাম্প তাদের ছোট সন্তান ব্যারনকে জন্ম দেওয়ার তিন মাসের মধ্যেই ট্রাম্প তার সঙ্গে সম্পর্কে জড়ান বলেও অভিযোগ ম্যাকডোগালের।

ট্রাম্প অবশ্য শুরু থেকেই ম্যাকডোগালের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার করে আসছেন।

কোহেনের সঙ্গে ট্রাম্পের একসময় দহরম মহরম সম্পর্ক থাকলেও এপ্রিলে নিউ ইয়র্কের কার্যালয়ে এফবিআইয়ের অভিযানের পর থেকে তাতে ফাটল ধরে। মার্কিন এ কেন্দ্রীয় তদন্ত সংস্থা কোহেনের কার্যালয় থেকে জব্দ করা ডজনখানেক অডিও রেকর্ডিং কেন্দ্রীয় কৌশলীদের হাতে জমা দিয়েছে বলেও জানিয়েছে বিবিসি।

২০১৬ সালের সেপ্টেম্বরে ট্রাম্প টাওয়ারে কোহেনই গোপন যন্ত্রে রিপাবলিকান প্রার্থী ও তার মধ্যে ম্যাকডোগাল সম্বন্ধিত এ কথোপকথন রেকর্ড করেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বর্তমান আইনজীবী রুডি জুলিয়ানি। 

চলতি মাসে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক আইনজীবী কোহেন বলেছেন, তার কাছে সাবেক বসের চেয়েও দেশ ও পরিবারের প্রতি আনুগত্যের স্থান অনেক উপরে।

ব্যাংক ও কর জালিয়াতির পাশাপাশি নির্বাচনী আইন লংঘনের অভিযোগের তদন্ত চললেও মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা এখন পর্যন্ত সাবেক এ আইনজীবীর বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনেননি।

ট্রাম্পের বিরুদ্ধে চলমান তদন্তে সহায়তা করার কারণেই কোহেনকে এ ছাড় দেওয়া হচ্ছে বলে ধারণা করা হলেও এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।