২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই গুহা থেকে কিশোরদের উদ্ধার: সম্মাননা পাচ্ছেন ২ অস্ট্রেলীয় ডুবুরি

থাইল্যান্ডে গুহা থেকে কিশোর ফুটবলারদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অস্ট্রেলিয়ার দুই ডুবুরিকে নাগরিক সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 07:58 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

তবে অ্যানেসথেটিস্ট রিচার্ড হ্যারিস ও চিকিৎসক ক্রেইগ চ্যালেনকে কি পুরস্কার দেওয়া হবে তা এখনো জানানো হয়নি।

টার্নবুল বলেন, “গুহার উদ্ধার অভিযানটি বীরত্ব, পেশাদারিত্ব, সুশৃঙ্খল ও একজোট হয়ে কাজ করার অনন্য নিদর্শন ছিল। আমরা অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ যে মূল্যবোধ ধারণ করি এটি তার বহিঃপ্রকাশ।”

আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সদস্য হিসেবে অভিজ্ঞ ডুবুরি হ্যারিস ও চ্যালেন ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশ করেছিলেন। গুহার ভেতরে চিকিৎসা কার্যক্রমে বিশেষ করে ডা. হ্যারিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

গত সপ্তাহে তিন দিন ধরে চলা উদ্ধার অভিযানে ‘ওয়াইল্ড বোয়ার’ নামে থাইল্যান্ডের একটি কিশোর ফুটবল দল ও ‍তাদের কোচকে গুহা থেকে উদ্ধার করা হয়।

গুহামুখ থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে কিশোর দলটির সন্ধান পাওয়ার পর থেকেই ডা. হ্যারিস তাদের সঙ্গে সেখানে অবস্থান করেছেন এবং সর্বশেষ ব্যক্তি হিসেবে তিনি গুহা থেকে বেরিয়ে আসেন।

সংকটপূর্ণ সময়ে চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য থাইল্যান্ড কর্তৃপক্ষও ডা. হ্যারিসকে সম্মান জানিয়েছে।

গত সপ্তাহে তিনি ‍সাংবাদিকদের বলেছিলেন, “আমাকে বলতেই হচ্ছে, সেখানে (গুহার ভেতরে) কিছু কিছু মুহূর্ত খুবই আতঙ্কজনক ছিল। তারপরই আমরা দারুণ ফল পাই এবং সত্যিই আনন্দদায়ক কিছু মুহূর্তের মাধ্যমে আমরা অভিযান শেষ করি।”

গুহায় উদ্ধার অভিযান চলার মধ্যেই অস্টেলিয়া থেকে নিজের বাবার মৃত্যু সংবাদ পান হ্যারিস।

হ্যারিসকে সহসিকতার জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা ‘দ্য ক্রস অব ভ্যালর’ দেওয়ার জন্য দেশটির প্রায় ৪৫ হাজার মানুষ একটি অনলাইন পিটিশনে সাক্ষর করেছেন।

গত ২৩ জুন নিয়মিত প্রশিক্ষণ শেষে দলের এক কিশোরের জন্মদিন উদযাপন করতে ‘ওয়াইল্ড বোয়ার’ ফুটবল দল এবং তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহার প্রবেশ করে।

দলটি প্রবেশের পর আকস্মিক পাহাড়ি ঢলে গুহার ভেতর পানি ঢুকে যাওয়ায় তারা আটকা পড়ে যায়।

নিখোঁজ হওয়ার ১০ দিনের মাথায় গুহা মুখ থেকে চার কিলোমিটার ভেতরে দলটির সন্ধান পান দুই ব্রিটিশ ডুবুরি।

বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে গুহার পানি বাড়তে থাকায় কিশোর দলটির সন্ধান পাওয়ার পরও তাদের বের করে আনা সম্ভব হচ্ছিল না।

কিভাবে বের করা হবে এ নিয়ে আলাপ আলোচনার মধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার পর ঝুঁকি নিয়েই কিশোরদের বের করে আনার কাজ শুরু হয়।

কিশোরদের উদ্ধার অভিযানে দেশি-বিদেশি প্রায় হাজার খানেক ডুবুরি অংশ নেন।

তাদের মধ্যে থাই নৌবাহিনীর সাবেক সদস্য এক ডুবুরি কিশোর দলের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে ফেরার পথে অক্সিজেনের অভাবে মৃত্যু বরণ করেন।