২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দেখতে গিয়ে তোপে কেনিয়ার ২০ এমপি

কেনিয়ায় ২০ এমপি’র বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাওয়ার খবরে জনরোষ সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2018, 08:56 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

ফাইনালসহ বিশ্বকাপের চারটি খেলা দেখতে দু’সপ্তাহের রাশিয়া সফরে গেছেন ওই পার্লামেন্ট সদস্যরা।

এ সফরে যেতে খরচ হয়েছে হাজার হাজার মার্কিন ডলার।জনগণের করের অর্থ থেকেই মেটানো হয়েছে এ ব্যয়ভার।

মাঠ থেকে এমপি’রা সেলফি দেওয়াতেই বিষয়টি সবার নজরে আসে।

কেনিয়ার ক্রীড়া মন্ত্রী রাশিদ একেসা বিবিসি কে বলেছেন, বিশ্বকাপের মতো এ ধরনের বড় আয়োজন কীভাবে করা হয় সে ধারণা নেওয়ার জন্যই তিনি ছয় এমপি’কে সেখানে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।

কেনিয়া কখনোই বিশ্বকাপ ফুটবল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেনি। ফিফার দেওয়া বিশ্বকাপ র‌্যাংকিংয়েও ২০৬ দেশের মধ্যে তাদের অবস্থান ১১২।

তবে কেনিয়া বিশ্বের সবচেয়ে সফল অ্যাথলেটিক রাষ্ট্রগুলোর একটি। তাছাড়া,দেশটি ২০২৩ সালে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব করেছে।

কেনীয়দের অনেকেই মনে করেন,কেনিয়ায় যেখানে গড়ে মানুষকে দেড়শ’ ডলারে মাস পার করতে হয় সেখানে তাদের জন্য এ ধরনের ভ্রমণ অর্থের অপচয়।আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি’দের ওই ভ্রমণ নিয়ে তীব্র সমালোচনা হয়েছে।

কেনিয়ার পার্লামেন্টারি সার্ভিস কমিশনের প্রধান সিনেট ক্লার্ক জেরেমিয়াহ নায়েগেনিয়ে অবশ্য বলছেন,“এ ভ্রমণের দরকার ছিল। কারণ,খেলা বোঝা এবং এ ধরণের আন্তর্জাতিক আয়োজন কিভাবে করতে হয় সে সম্পর্কে জানাটা তাদের দায়িত্ব।এটি কোনো অবকাশকালীন ভ্রমণ নয়।”

পার্রামেন্টের এক কর্মকর্তা বিবিসি কে বলেছেন,এমপি’রা সাধারনত প্রথম শ্রেনীতেই ভ্রমণ করেন। সরকারি সফরে যাওয়ার জন্য একেকজন কেনীয় এমপি দৈনিক খরচ হিসাবে এক হাজার মার্কিন ডলার করে পান।

কেনিয়ার এমপি’রা বেশি বেতন পাওয়ার ক্ষেত্রে বিশ্বের অন্যতম বলে ধারণা করা হয়। তবে গত বছর তাদের বেতন ১৫% কাটছাঁট করা হয়েছে।