২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মের্কেল এখনো বেকায়দায়, জোট সরকারে ঐক্যের অভাব

বাভেরিয়ার সিএসইউ দলের সঙ্গে বোঝাপড়ার ফলে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল আপাতত রাজনৈতিক সঙ্কট থেকে রেহাই পেয়েছেন৷ কিন্তু সরকারের তৃতীয় জোটসঙ্গী এসপিডি এখনো সেই সমঝোতায় ছাড়পত্র দেয়নি৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ডয়চে ভেলে বাংলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 07:45 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

এসপিডি মঙ্গলবার জোট কমিটির বৈঠকে বাভেরিয়া-অস্ট্রিয়া সীমান্তে অবৈধ শরণার্থীদের জন্য ‘ট্রানজিট সেন্টার' গড়ে তোলার প্রস্তাবের সরাসরি বিরোধিতা না করলেও এ বিষয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেছে৷

২০১৫ সালে একই প্রস্তাব নস্যাৎ করে দিয়েছিল এসপিডি৷ বিশেষ করে প্রস্তাবিত এই কাঠামোর আওতায় শরণার্থীদের আটক রাখার বিরোধী তারা৷ বিষয়টি সম্পর্কে সব সংশয় দূর না হলে এসপিডি সম্মতি দিতে নারাজ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় আবার জোট কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আবার আলোচনা হবার কথা৷ তবে নিজেদের দুর্বলতার কারণে এসপিডি সরকারের স্থায়িত্ব হুমকির মুখে ফেলতে যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে৷

জার্মানিতে শরণার্থী ও অভিবাসন নীতি নিয়ে চলমান অনিশ্চয়তার ফলে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও অস্বস্তি বাড়ছে৷ গত সপ্তাহে ইইউ শীর্ষ সম্মেলনে চ্যান্সেলর মের্কেল ইউরোপীয় পর্যায়ে সমাধানের উদ্যোগ নিলেও দেশে ফিরে সিএসইউয়ের চাপে পড়ে একতরফা পদক্ষেপের উদ্যোগ নেওয়ায় জার্মানির বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন৷

বিশেষ করে অস্ট্রিয়া ইউরোপের দক্ষিণে ইতালি ও স্লোভেনিয়া সীমান্তে একই ধরনের কড়া পদক্ষেপের তোড়জোড় করছে৷ সে দেশের চ্যান্সেলর সেবাস্টিয়ান কুয়র্ৎস সাফ জানিয়ে দিয়েছেন, তিনি জার্মানির সঙ্গে এমন কোনো চুক্তি করবেন না, যার ফলে অস্ট্রিয়ার অসুবিধা হয়৷

অস্ট্রিয়ার সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে ইতালির কট্টরপন্থি স্বরাষ্ট্রমন্ত্রী মাটেও সালভিনি বলেছেন, ইতালি-অস্ট্রিয়া সীমান্তে আবার নিয়ন্ত্রণ চালু হলে ইতালিতে অবৈধ শরণার্থীদের অনুপ্রবেশ কমে যাবে৷  তাতে আখেরে ইতালিরই সুবিধা হবে৷

 

তার মতে, সাধারণত বলকান অঞ্চল দিয়ে যে শরণার্থীরা ইউরোপে প্রবেশ করে, অস্ট্রিয়া বা অন্য কোনো দেশ তাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিলে তারা ইতালিতে প্রবেশের চেষ্টা করে৷ এ অবস্থায় জার্মানির একক পদক্ষেপের ফলে শেংগেন চুক্তি ও ইউরোপের মধ্যে উন্মুক্ত সীমান্তের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ছে।

 

এ অবস্থায় জার্মানির সিএসইউ দলের নেতা স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার উভয় সঙ্কটে পড়েছেন৷ তার চাপেই মের্কেল যেহেতু বোঝাপড়া করতে বাধ্য হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকেই সেই পদক্ষেপ কার্যকর করতে হবে৷

শেষ পর্যন্ত এসপিডি সম্মতি দিলে তাকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির চেষ্টা চালাতে হবে৷ বৃহস্পতিবার সেহোফার ভিয়েনায় অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করছেন৷ আগামী ১১ই জুলাই ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। একদিকে ইউরোপীয় পর্যায়ে ঐকমত্য, অন্যদিকে দ্বিপক্ষীয় বোঝাপড়ার চেষ্টা চালাতে হবে তাকে৷

সেই কাজে ব্যর্থ হলে হর্স্ট সেহোফারের পক্ষে মুখরক্ষা করা কঠিন হবে৷ তখন আবার নতুন করে সিডিইউ দলের সঙ্গে সংঘাত সৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে৷

আবার পদত্যাগের হুমকি দিয়ে শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যাওয়ার ফলে সরকার ও নিজের দলের মধ্যেও তার অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়েছে৷

অক্টোবরে বাভেরিয়ার বিধানসভা নির্বাচনে সিএসইউ খারাপ করলে সেই দায় তাকেই বহন করতে হবে৷