২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় ফুটবল ভক্তের মৃত্যু

বিশ্বকাপ উপলক্ষে রাশিয়ায় গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক ভারতীয় ফুটবল ভক্ত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 07:33 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

রাশিয়া বিশ্বকাপের অন্যতম স্বাগতিক শহর সোচির কাছে একটি সড়কে শনিবার ওই ভারতীয় ভক্তকে বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বকাপ উপলক্ষে রাশিয়া ভ্রমণে গিয়ে এই প্রথম এক ফুটবল ভক্ত মারা গেলেন বলে প্রকাশিত খবরে জানা গেছে। দুর্ঘটনার জন্য গাড়িটির চালককে দায়ি করেছে পুলিশ।

এক বিবৃতিতে সোচি পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় এক রুশ ট্র্যাক্সি চালক ও এক ভারতীয় নাগরিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত অপর এক ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

হতাহতদের কাছে বিশ্বকাপের টিকেট ছিল কি না, প্রকাশিত খবরে সে সম্পর্কে কিছু বলা হয়নি। 

বিবৃতিতে বলা হয়েছে, “ভোর ৬টা ৫০ মিনিটে সোচি পুলিশ বিভাগের কর্তব্যরত কর্মকর্তাকে আদলার ও ক্রাসনাইয়া পলিয়ানার মধ্যবর্তী সড়কে একটি দুর্ঘটনা ঘটেছে বলে খবর দেওয়া হয়।

“প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ‍ভারতীয় নাগরিকদের বহনকারী রেনুত লোগান ট্র্যাক্সিটি সড়কের ‍ভুল পাশ দিয়ে চালানো হচ্ছিল; সড়ক নির্দেশনা অমান্যকারী গাড়িটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়।”

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ওই দুই অবকাশযাপন শহরের মধ্যবর্তী পার্বত্য ওই সড়কটি বিশ্বকাপের অন্যতম স্বাগতিক শহর সোচির কাছাকাছি। শনিবার সোচিতে বিশ্বকাপের দ্বিতীয় পর্বের প্রথম দিনের উরুগুয়ে বনাম পর্তুগালের খেলা হওয়ার কথা।

দুর্ঘটনায় আহত ভারতীয় নাগরিকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনা প্রবণতার জন্য রাশিয়ার সড়কগুলোর কুখ্যাতি রয়েছে। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় দেশটিতে ১৯ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।