ভেনেজুয়েলাকে ‘একঘরে করতে’ লাতিন দেশগুলোকে পেন্সের আহ্বান
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সংকট জর্জরিত ভেনেজুয়েলাকে একঘরে করতে লাতিন আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার একুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনোর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে রয়টার্স।
লাতিনের সরকারগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও ভেনেজুয়েলার মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে বুধবারই একুয়েডর পৌঁছান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
এবারের সফরে তিনি খাদ্য ও ওষুধের ঘাটতির কারণে গত কয়েক বছরে প্রতিবেশী বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া ভেনেজুয়েলার নাগরিকদের সঙ্গেও বৈঠক করবেন বলে তার সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
মোরেনোর সঙ্গে বৈঠকের পর পেন্স দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত ভেনিজুয়েলার ওপর আরও চাপ বাড়ানোর কথা বলেন।
“ভেনেজুয়েলা যেভাবে একনায়কত্ব, বঞ্চনা ও হতাশার মুখে পতিত হচ্ছে, তা আমাদের সম্মিলিত নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট হুমকি হয়ে উঠছে। একুয়েডর ও এই অঞ্চলে আমাদের মিত্রদের প্রতি মাদুরোর শাসনব্যবস্থাকে আরও একঘরে করতে ব্যবস্থা জোরদারের আহ্বান জানাচ্ছি,” বলেন পেন্স।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের এ আহ্বানের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করা লাতিন বংশোদ্ভূত ভোটারদের সমর্থন আদায়ের কৌশল হিসেবেই কারাকাসের সরকারের বিরুদ্ধে বিষদগার করছেন পেন্স।
“অসুস্থ ও দুশ্চিন্তাগ্রস্ত মাইক পেন্স লাতিন আমেরিকার চারপাশে প্রচার চালিয়ে যাচ্ছেন; দক্ষিণ আমেরিকায় তার এই ছোট্ট সফরও ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে,” টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
আগের দিনের ভাষণে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ‘বিষাক্ত সাপ’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছিলেন মাদুরো।
“প্রত্যেকবার বিষাক্ত সাপ মাইক পেন্স তার মুখ খোলেন, আর আমি নিজেকে আরও শক্তিশালী অনুভব করি। আমরা তোমাদের পরাজিত করেছি, যাই হোক না কেন, আবারও তোমাদের পরাজিত করতেই যাচ্ছি,” বলেন এ সমাজতান্ত্রিক নেতা।
ওপেক জোটভুক্ত দেশসমূহের তেল ও খনিজ সম্পদ জব্দের আকাঙ্ক্ষাতেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চায় বলেও ইঙ্গিত দেন মাদুরো। ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটন ‘অর্থনৈতিক যুদ্ধ’ চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ তার।
ভেনেজুয়েলার এ সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট এর আগেও তাকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটন চেষ্টা করেই যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন।
পেন্স কারাকাসকে একঘরে করতে আহ্বান জানালেও তাতে সাড়া দেননি মোরেনো। ভেনিজুয়েলার সংকট সমাধানে জাতিসংঘের মহাসচিবকে সক্রিয় হওয়ারও অনুরোধ করেছেন একুয়েডরের এ প্রেসিডেন্ট।
“আমরা বিশ্বাস করি ভেনেজুয়েলার সংকট কেবলমাত্র দেশটির নাগরিকরাই সমাধান করতে পারে,” বলেছেন তিনি।
উত্তরসূরি রাফায়েল কোরেয়ার সঙ্গে মার্কিন প্রশাসনের যে টানাপোড়েন ছিল তা কাটাতে মোরেনোর আগ্রহের কথাও জানিয়েছে রয়টার্স।
মাদক পাচার ও আন্তর্জাতিকভাবে সংগঠিত অপরাধ দমনে দুই দেশ নিজেদের মধ্যে তথ্যের আদানপ্রদানে সম্মত হয়েছে বলেও জানিয়েছে তারা। কোরেয়ার মেয়াদকালে এই আদানপ্রদান স্থগিত ছিল।
