নাইজেরিয়ার মধ্যাঞ্চলে সহিংসতায় নিহত দুই শতাধিক
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় রাজ্য প্লাটোতে সহিংসতায় দুই শতাধিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্য গভর্নর।
সাপ্তাহিক ছুটির দিনগুলোজুড়ে ঘটা এই সহিংসতায় ৮৬ জন নিহত হয়েছেন বলে এর আগে জানিয়েছিল পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চলতি বছরের শুরু থেকেই ওই এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা বাড়তে থাকে। এতে কয়েকশত লোক নিহত হয়।
বুধবার রাতে, এক ইমেইল বিবৃতিতে নাইজেরিয়ার পুলিশ বাহিনী জানিয়েছে, তারা প্লাটো রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি উন্নতির জন্য সেখানে বিশেষ একটি বাহিনী পাঠাচ্ছে।
ওই বাহিনীর সঙ্গে পুলিশের দুটি নজরদারি হেলিকপ্টার, পাঁচটি সাঁজোয়া যান ও অন্যান্য রাজ্য থেকে আসা অতিরিক্ত পুলিশ কর্মকর্তারা থাকবেন।
বিবৃতিতে বলা হয়েছে, “পুলিশের স্পেশাল ইন্টারভেনশন ফোর্সের সদস্যরা একইসঙ্গে বিভিন্ন সম্প্রদায়, শহর, গ্রাম, সহিংসতাপ্রবণ বসতি, উপদ্রুত এলাকার সরকারি ও ব্যক্তিগত স্থাপনা পাহারা দিবে।”
প্লাটো রাজ্য সফরকালে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি (বাম থেকে দ্বিতীয়) রাজ্য গভর্নর সিমন লালং ও রাজ্যের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন; ২৬ জুন, ২০১৮। রয়টার্স
কয়েক মাস ধরে চলা সংঘাতে কয়েক হাজার লোকের ঘরবাড়ি ও ফসল পুড়িয়ে দিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাস্তুচ্যুত এসব লোকজনের সার্বিক ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে ‘নাইজেরিয়া মানবিক চ্যালেঞ্জ মোকাবিলা’ করছে বলে দাবি করেছেন তিনি।
নাইজেরিয়ার ওই অঞ্চলে জমি নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। তবে সাম্প্রতিক সময়ে এই সহিংসতা সাম্প্রদায়িক সংঘাতের রূপ পেয়েছে। দুই পক্ষের সংঘর্ষে কেবল ২০১৭ সালেই সহস্রাধিক মানুষের প্রাণ গেছে।
আধা যাযাবর পশুপালক গোষ্ঠী ফুলানিরা মূলত মুসলমান। অন্যদিকে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বসতি গড়া বেরোম কৃষকরা মূলত খৃস্টান ধর্মাবলম্বী।
ভূমির অধিকার ও পশু চরানো নিয়ে এ দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব কেন সাম্প্রতিক সময়ে ধর্মীয় সহিংসতার দিকে মোড় নিচ্ছে তা স্পষ্ট নয়।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারি সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির জন্য লিবিয়া থেকে অবৈধ অস্ত্র আসার বিষয়টিকে দায়ী করে আসছেন। আবার অনেকে বলছেন, আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের সামলাতে ব্যস্ত থাকায় গোষ্ঠী সংঘাত থামাতে ব্যর্থ হচ্ছে।
